২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ অভিবাসীদের রাখা হবে টেক্সাসের সামরিক ঘাঁটিতে

যুক্তরাষ্ট্রে আটক অবৈধ অভিবাসীদের টেক্সাসের দুইটি সেনঘাঁটিতে রাখা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2018, 09:35 PM

Updated : 08 Apr 2022, 06:36 PM

অভিবাসন নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় গত কয়েক সপ্তাহজুড়ে যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে অবৈধ অভিবাসী ধরপাকড় শুরু হওয়ায় আটক অভিবাসীর সংখ্যা বেড়ে গেছে।

ডিটেনশন সেন্টারগুলো উপচে পড়ায় অবৈধ অভিবাসী সন্দেহে আটক ব্যক্তিদের কারাগারে রাখা হচ্ছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন যার তীব্র সমালোচনা করছে।

ব্যাপক ধরপাকড়ের কারণে হাজার হাজার শিশু তাদের পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

সোমবার ম্যাটিস বলেন, টেক্সাসের এল পাসো ও সান অ্যাঞ্জেলো সেনা ঘাঁটিতে অবৈধ অভিবাসী, তাদের পরিবার এবং তাদের সঙ্গে থাকা অপ্রাপ্ত বয়স্কদের রাখার ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে বিস্তারিত আর কিছু এখনই জানাতে পারছেন না বলেও জানান তিনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও মানবিক সেবা মন্ত্রণালয় থেকে বিচারের অপেক্ষায় থাকা অভিবাসীদের জন্য বাসস্থানের ব্যবস্থা করার অনুরোধ করা হয়।

এরপরই প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ ঘোষণা এল।

ম্যাটিস বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের হেফাজতে থাকা লোকজনের জন্য বাসস্থানের ব্যবস্থা করার অনুরোধ করা হয়েছে। আমরা তাদের এই সহায়তা দেব।”

যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এর আগে দেশটির নৌবাহিনীর পক্ষ থেকে আলাবামা, ক্যালিফোর্নিয়া ও অন্যান্য অঙ্গরাজ্যে তাদের ঘাঁটির কাছে আটক অভিবাসীদের রাখার জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথা জানানো হয়েছে।

আলাবামা প্রজেক্টে প্রায় ২৫ হাজার মানুষকে অন্তত একবছর রাখার মত ব্যবস্থা করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সীমান্তরক্ষীদের দেশটিতে অবৈধভাবে অনুপ্রবেশ করা ও বসবাস করা সব অভিবাসীদের আটক করে বিচারের মুখোমুখি করার নির্দেশ দিয়েছে এবং বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত তাদের আটকে রাখতে বলেছে।