শরণার্থী উদ্ধার জাহাজের জন্য বন্দর বন্ধ করল ইতালি
ইতালি সরকার ‘ডকে' প্রবেশের অনুমতি না দেওয়ায় ৬২৯ জন শরণার্থী নিয়ে একটি উদ্ধার জাহাজ ভূমধ্যসাগরে ভাসমান অবস্থায় আছে।
দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ডানপন্থি লিগ পার্টির নেতা মাত্তেও সালভিনি নির্বাচনী প্রচারের সময় শরণার্থীর প্রবেশ ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
সালভিনি বলেন, মাল্টা সরকারের উচিত জাহাজটি তাদের দেশে ভিড়তে দেওয়া। মাল্টা সরকার তাতে রাজি হয়নি। তাদের দাবি, জাহাজটি ইতালির আওতাভূক্ত এলাকায় অবস্থান করছে।
ইউরোপে প্রবেশের জন্য উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে শরণার্থীরা ইতালিতে আসে।
জার্মানির দাতব্য সংস্থা এসওএস মেডিটেরিয়ান জানায়, ইতালির মেরিটাইম রেসকিউ কো-অর্ডিন্যাশন সেন্টার শরণার্থীবোঝাই জাহাজটিকে বর্তমান অবস্থান থেকে নড়তে নিষেধ করেছে।
জাহাজটি ইতালি থেকে ৩৫ নর্টিক্যাল মাইল এবং মাল্টা থেকে ২৭ নর্টিক্যাল মাইল দূরে অবস্থান করছে।
জাহাজের ক্রুরা জানায়, লিবিয়া উপকূলে সমুদ্রের ছয়টি স্থান থেকে এসব শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। যাদের অনেকেই শিশু।
সালভিনি বলেন, এরকম দ্বিতীয় আরেকটি জাহাজ লিবিয়া উপকূল থেকে কয়েকশ' শরণার্থীকে উদ্ধার করে ইতালির পথে রওয়ানা হয়েছে।
টুইটারে তিনি বলেন, “ইতালি অনুগতের মত মাথা নোয়ানো বন্ধ করেছে, এখন সেখানে এমন কেউ আছে যারা ‘না' বলবে।”
