২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরের উদ্দেশ্যে পিয়ংইয়ং ‘ছেড়েছে কিমের ব্যক্তিগত বিমান’

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ব্যক্তিগত বিমান সিঙ্গাপুরের উদ্দেশ্যে পিয়ংইয়ং ছেড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2018, 10:55 AM

Updated : 08 Apr 2022, 06:31 PM

রোববার সকালে কিমের বিমানটি রওনা হয়েছে বলে জানালেও বিস্তারিত আর কিছু জানায়নি ইয়োনহ্যাপ, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সম্প্রতি কিমের চীন সফরের সময় তার ব্যক্তিগত বিমান ছাড়াও একটি কার্গো বিমান সঙ্গে গিয়েছিল। রোববার ওই কার্গো বিমানটিও পিয়ংইয়ং ছেড়েছে এবং সেটি সিঙ্গাপুরের দিকেই যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

১২ জুন, মঙ্গলবার সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠক হওয়ার কথা। বৈঠকটি হলে এটি হবে উত্তর কোরিয়ার কোনো নেতার সঙ্গে দায়িত্বরত কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম বৈঠক।

রোববার সিঙ্গাপুর পৌঁছে দেশটির প্রধানমন্ত্রী লি শিয়েন লুংয়ের সঙ্গে কিমের মিলিত হওয়ার কথা রয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়।

অপরদিকে কানাডার কুইবেকে বিশ্ব অর্থনীতির সাত পরাশক্তির জোট জি-সেভেনের সম্মেলন শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।