২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈঠকের জন্য কাতর অনুরোধ ছিল কিমের: ট্রাম্পের আইনজীবী

উত্তর কোরিয়ার সঙ্গে শীর্ষ সম্মেলন বাতিলের পর কিম জং উনের ‘কাতর অনুরোধেই’ মার্কিন প্রেসিডেন্ট ফের বৈঠকে বসতে সম্মত হয়েছেন বলে দাবি ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি গুলিয়ানির।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2018, 11:43 AM

Updated : 08 Apr 2022, 06:30 PM

ট্রাম্পের কঠোর অবস্থানের কারণেই পিয়ংইয়ং হাত গুটাতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

ইসরায়েলে অনুষ্ঠিত এক বিনিয়োগ সম্মেলনে দেওয়া বক্তৃতায় গুলিয়ানি এসব কথা বলেছেন বলে জানিয়েছে বিবিসি।

“কিম জং উন করজোড়ে হাঁটুগেড়ে এটির (বৈঠক) জন্য অনুনয় করেছেন, এটাই সেই অবস্থান, যেখানে তাকে দেখতে চান আপনি,” সম্মেলনে গুলিয়ানি এমনটাই বলেছেন বলে প্রথমে জানিয়েছিল ওয়াল স্ট্রিট জার্নাল। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ ও মস্কোর সঙ্গে রিপাবলিকান শিবিরের যোগসাজশ নিয়ে চলা তদন্তে মার্কিন প্রেসিডেন্টের আইনজীবী হিসেবে কাজ করছেন গুলিয়ানি।

তার এ মন্তব্য নিয়ে তাৎক্ষণিকভাবে উত্তর কোরিয়ার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।

এপ্রিলের শেষে দুই কোরিয়ার শীর্ষ সম্মেলনের পর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কিম জং উনের বৈঠকের সম্ভাবনা দানা বাঁধতে থাকে।

সপ্তাহ দেড়েক পর ১০ মে ট্রাম্প জানান, উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিমের সঙ্গে ১২ জুন সিঙ্গাপুরে বসছেন তিনি।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের ক্ষেত্রে ‘লিবিয়া মডেল’ অনুসরণ করা হতে পারে এমনটা বলার পর দুই দেশের মধ্যে শীর্ষ সম্মেলন নিয়ে টানাপোড়েন শুরু হয়।

২০০৩ সালে লিবিয়া পারমাণবিক অস্ত্র কর্মসূচী ত্যাগ করার অল্প কয়েক মাসের মধ্যেই যুক্তরাষ্ট্র লিবিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কও পুনঃস্থাপিত হয়। এর আট বছর পর নেটো সমর্থিত বিদ্রোহী ও আধাসামরিক গোষ্ঠীর হাতে ক্ষমতাচ্যুত হন গাদ্দাফি।

বিদ্রোহীদের হাতে ধরা পড়ার পর গাদ্দাফিকে হত্যা করা হয়।

বোল্টনের দেওয়া লিবিয়া মডেলের উদাহরণ উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনকে আতঙ্কিত করতে পারে বলে তখনই ধারণা করেছিলেন পর্যবেক্ষকরা।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বোল্টনের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানালে পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পিয়ংইয়ংয়ের ক্ষেত্রে ‘লিবিয়া মডেল’ অনুসরণের কথা ভাবছেন না তারা।

ট্রাম্পের ওই বক্তব্যে উত্তেজনা খানিকটা থিতিয়ে এলেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও পরে বোল্টনের কথায় সুর মেলালে উত্তর কোরিয়া ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিলের হুমকি দেয়। এই পরিস্থিতিতে পিয়ংইয়ংয়ের ‘ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও প্রকাশ্য শত্রুতা’কে দায় দিয়ে ২৪ মে প্রস্তাবিত বৈঠকটি বাতিল ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের পরও উত্তর কোরিয়া বৈঠকের ব্যাপারে আগ্রহ দেখালে শীর্ষ সম্মেলন নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়।

প্রস্তুতির অংশ হিসেবে উত্তর কোরিয়ার অন্যতম ঊর্ধ্বতন কর্মকর্তা কিম ইয়ং-চোল যুক্তরাষ্ট্রে গিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন। তিনি কিম জং উনের চিঠি ট্রাম্পের হাতে তুলে দেন।

দুজনের বৈঠক শেষে ট্রাম্প আগের নির্ধারিত ১২ জুনেই উত্তর কোরীয় নেতার সঙ্গে তার বৈঠক হবে বলে নিশ্চিত করেন।

বৈঠকটি অনুষ্ঠিত হলে, এটিই হবে দায়িত্বরত কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে উত্তরের কোনো শীর্ষ নেতার প্রথম বৈঠক।

কিমের সঙ্গে বৈঠকের প্রস্তুতি ‘চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে’ বলে মঙ্গলবারও সাংবাদিকদের জানিয়েছেন ট্রাম্প। দুই নেতার শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের সানতোসা দ্বীপের কাপেলা হোটেলে হবে বলে মঙ্গলবার নিশ্চিত করেছে হোয়াইট হাউস।