বিশ্বজুড়ে অশান্তি বাড়ছেই
ইন্সটিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস (আইইপি) এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গত ১০ বছরে পৃথিবী সবচেয়ে অশান্ত ছিল, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোতে যুদ্ধ ও সংঘাত বেড়েছে।
আন্তর্জাতিক গবেষণা সংস্থা আইইপি বুধবার লন্ডনে তাদের দ্বাদশ বার্ষিক গ্লোবাল পিস ইনডেস্ক প্রকাশ করে।
ওই ইনডেস্ক অনুযায়ী ২০১৭ সালে ৯২টি দেশ আরও অশান্ত হয়েছে। আর ৭১টি দেশে পরিস্থিতির উন্নতি হয়েছে।
টানা চার বছর ধরে ইনডেস্কে নেতিবাচক ভাব বিরাজ করছে বলে জানান অস্ট্রেলিয়া ভিত্তিক আইইপি’র প্রধান স্টিভ কিলেলিয়া।
ডয়চে ভেলে কে তিনি বলেন, “দিন দিন বিশ্ব জুড়ে শান্তি কমে যাচ্ছে। এই সূচক ক্রম নিম্নগামী এবং গত এক দশক ধরে এ অবস্থা চলছে।”
২০১৭ সালে সবচেয়ে শান্ত অঞ্চল ছিল ইউরোপ। আর সবচেয়ে অশান্ত অঞ্চল ছিল মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা।
বিশ্বের নয়টি অঞ্চলের মধ্যে দক্ষিণ এশিয়া আগের মতই আছে আট নম্বরে, যদিও সার্বিকভাবে এ অঞ্চলের কিছুটা উন্নতি হয়েছে।
ইনডেস্কে ১৬৩ দেশের মধ্যে সবচেয়ে নিচের দিকে আছে সিরিয়া, আফগানিস্তান ও সাউথ সুদান। তারপর যথাক্রমে ইরাক, সোমালিয়া, ইয়েমেন, লিবিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও রাশিয়া।
এবারের সূচকে শান্তি ও স্থিতিশীলতায় সবচেয়ে ভালো অবস্থানে আছে আইসল্যান্ড। শীর্ষ দশের বাকি দেশগুলো হল- নিউ জিল্যান্ড, অস্ট্রিয়া, পর্তুগাল, ডেনমার্ক, কানাডা, চেক রিপাবলিক, সিঙ্গাপুর, জাপান ও আয়ারল্যান্ড।
জার্মানির অবস্থান তালিকায় ১৭ নম্বরে।
গত বছর সবচেয়ে উন্নতি হয়েছে সাব-সাহারান আফ্রিকা অঞ্চলের।
উদাহরণ স্বরূপ, গাম্বিয়া ২০১৭ সালে ৩৫ ধাপ এগিয়েছে। ইনডেক্সে তাদের অবস্থার সবচেয়ে বেশি উন্নতি হয়েছে।
এছাড়া লাইবেরিয়া, বুরুন্ডি ও সেনেগালের পরিস্থিতিরও দৃশ্যমান উন্নতি হয়েছে।
ইনডেস্ক অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ পাঁচ দেশের মধ্যে চারটিই ইউরোপের।
কিন্তু ২০১৭ সালে ইউরোপের ২৩টি দেশের অবস্থার অবনতি হয়েছে। বিশেষ করে পশ্চিম ইউরোপের দেশগুলোতে।
যুদ্ধ-বিগ্রহ ও অশান্ত পরিবেশের কারণে বৈশ্বিক অর্থনৈতিক অবস্থারও পতন হচ্ছে।
আইইপির গবেষণা অনুযায়ী যদি সবচেয়ে অশান্ত তিন দেশ সিরিয়া, সাউথ সুদান ও ইরাকে সবচেয়ে শান্তিপূর্ণ আইসল্যান্ড ও নিউজিল্যান্ডের মত অবস্থা বিরাজ করতো তবে ওই সব দেশগুলোতে মানুষের মাথাপিছু আয়ে আরও বাড়তি দুই হাজার মার্কিন ডলার যোগ হত।
কিলেলিয়া বলেন, “দেশে শান্তির পরিবেশের মাত্র ১ শতাংশ উন্নতি হলে জিডিপিতে মাথাপিছু আয় ১ দশমিক ৮ শতাংশ বেড়ে যাবে।”
সমাজে বিদ্যমান অপরাধ প্রবণতা, রাজনৈতিক অস্থিরতা, দ্বন্দ্ব-সংঘাত, সংঘাতে মৃত্যু, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা, অস্ত্রের বিস্তারসহ ২৩টি বিষয় মূল্যায়ন করে এই সূচক তৈরি করেছে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস।
দেশগুলোর অর্থনীতির ওপর সহিংসতা কী প্রভাব ফেলেছে তাও বিবেচনায় আনা হয়েছে এক্ষেত্রে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে সংঘাত-সহিংসতার কারণে বিশ্ব অর্থনীতির ক্ষতির পরিমাণ ছিল ১৪ দশমিক ৭৬ ট্রিলিয়ন ডলার। এই অংক বিশ্বের মোট উৎপাদনের ১২ দশমিক ৪ শতাংশ।
