২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্প-কিমের বৈঠক সিঙ্গাপুরের সানতোসা দ্বীপে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের মধ্যে বৈঠকটি সিঙ্গাপুরের সানতোসা দ্বীপের একটি হোটেলে হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2018, 11:49 AM

Updated : 11 Oct 2022, 12:23 PM

দুই নেতার এ ঐতিহাসিক শীর্ষ সম্মেলন ১২ জুন অনুষ্ঠিত হওয়ার কথা; যদিও বৈঠকের অনেক কিছুই এখনো অজানা বলে জানিয়েছে বিবিসি।

বৈঠকটি অনুষ্ঠিত হলে, এটি হবে উত্তর কোরিয়ার কোনো শীর্ষ নেতার সঙ্গে দায়িত্বরত কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম বৈঠক।

বৈঠকের পরিকল্পনা ‘চমৎকারভাবে এগুচ্ছে’ বলে মঙ্গলবার জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

“অনেক সম্পর্কই তৈরি হয়েছে। সফরের আগেই অনেক কিছু নিয়ে মধ্যস্থতার চেষ্টা চলছে। এটা (বৈঠক) খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ দুটি দিন হতে যাচ্ছে,” সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে উত্তরের শীর্ষ নেতার বৈঠকটি পাঁচ তারকা কাপেলা হোটেলে হতে যাচ্ছে বলে টুইটারে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স।

যে ৬৩টি দ্বীপ নিয়ে সিঙ্গাপুর গঠিত, সানতোসা তার একটি। ৫০০ হেক্টর আয়তনের সানতোসাতেই কাপেলা হোটেলের অবস্থান।

মূল ভূখণ্ড থেকে সামান্য দূরে অবস্থিত দ্বীপটি বিলাসবহুল রিসর্ট, ব্যক্তিগত প্রমোদতরীর পোতাশ্রয় এবং ব্যয়বহুল ও নান্দনিক গলফ ক্লাবের জন্য পরিচিত।  

জলদস্যুতা, রক্তপাত এবং যুদ্ধের কালো ইতিহাসও আছে সানতোসার।

উনিশ শতকে ব্রিটিশদের বাণিজ্য ঘাঁটি হিসেবে মানচিত্রে স্থান পেলেও তারও অনেক আগে থেকেই সমুদ্রপথে ভারত ও চীনের মাঝে অবস্থিত সিঙ্গাপুর বিভিন্ন দেশের ব্যবসায়ীদের পাশাপাশি জলদস্যুদেরও অন্যতম প্রধান আগ্রহের স্থল হয়ে ওঠে।

সেসময় সানতোসা দ্বীপের নাম ছিল ‘পুলাউ ব্লাকাং মাটি’, যার অর্থ ছিল- ‘মৃত্যুপুরীর পেছনের দ্বীপ’ । দ্বীপ এবং একে ঘিরে থাকা জলদস্যুদের সহিংস আচরণের জন্যই এ কুখ্যাতি।

দ্বীপটির বাসিন্দাদের বেশিভাগই মালয়, চীনা ও বুগিস বংশোদ্ভূত। ইন্দোনেশীয় দ্বীপ সুলাওয়েসি থেকে আসা নাবিকরা বুগিস নামেই পরিচিত ছিল।

১৯৪২ সালে সিঙ্গাপুর জাপানের দখলে গেলে সেখানে থাকা ব্রিটিশ কলোনিয়াল বাহিনী আত্মসমর্পণ করে। সেসময় একে নতুন নাম দেওয়া হয়- সাইওনা বা ‘দক্ষিণের আলো’।

পরের কয়েক বছর চীনা সম্প্রদায়ের মধ্যে থাকা জাপানবিরোধী উপাদান নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে চালানো অভিযানের বলি হয় হাজার হাজার মানুষ।

সেসময় ১৮ থেকে ৫০ বছর বয়সী চীনা পুরুষদের বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে মেশিনগানের গুলিতে ঝাঁঝরা করে সমুদ্রে ফেলে দিয়েছিল জাপানি সৈন্যরা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ওই গণহত্যার স্থানগুলোর একটি ছিল সানতোসার সমুদ্রসৈকত, ট্রাম্প ও কিম যেখানে একত্রিত হবেন সেই কাপেলা হোটেল থেকে সৈকতটি সহজেই দৃষ্টিগোচর হয়। 

বিশ্বযুদ্ধের সময় দ্বীপটিতে যুদ্ধবন্দিদের একটি কারাগারও ছিল, মিত্র বাহিনীর প্রায় ৪০০ সৈন্যকে এখানেই বন্দি করে রাখা হয়েছিল।

Image
সানতোসার পাঁচ তারকা কাপেলা হোটেলে। ছবি: রয়টার্স

সানতোসার পাঁচ তারকা কাপেলা হোটেলে। ছবি: রয়টার্স

১৯৭০ এর দিকে সিঙ্গাপুরের সরকার দ্বীপটির নাম বদলে রাখে ‘সানতোসা’, যার অর্থ ‘সন্ধি ও শান্তি’। দ্বীপটিকে পর্যটকদের অন্যতম আকর্ষণে পরিণত করতে নেওয়া হয় নানান পদক্ষেপ।

বিশ্বখ্যাত থিমপার্ক নির্মাতা প্রতিষ্ঠান ইউনিভার্সেল স্টুডিওজের একটি থিম পার্ক ছাড়াও এখানকার ওয়াটার পার্ক এবং বিলাসবহুল হোটেল ও ক্যাসিনোগুলো প্রতি বছর হাজার হাজার দেশি-বিদেশি পর্যটকের পদচারণায় মুখর হয়ে ওঠে।

সিঙ্গাপুরের সবচেয়ে মর্যাদাপূর্ণ আবাসিক এলাকা সানতোসা কোভের অবস্থানও এই দ্বীপে; যেখানে আছে কোটি কোটি ডলারে নির্মিত জমকাল বাড়ি ও বিলাসবহুল প্রমোদতরী ইয়টের বন্দর।

দেশের সবচেয়ে দামি কয়েকটি হোটেল এবং তারকাখচিত মুষ্টিমেয় হোটেলের পাশাপাশি গলফ কোর্সগুলোও দ্বীপটির শান শওকতের জানান দিচ্ছে।

মূল ভূখণ্ড থেকে সামান্য দূরে হওয়ায় সানতোসা ভেন্যু হিসেবেও বেশ নিরাপদ।

একটি মাত্র কেবল কার রুট, একটি মনোরেল, পথচারী পারাপারের একটি সড়ক ও যানবাহনের যাওয়া-আসার জন্য মাত্র একটি টানেল থাকায় সহজেই এর নিরাপত্তা নিশ্চিত করা যায় বলে জানিয়েছে বিবিসি।

বৈঠকের মাঝখানে দুই নেতার বিরতি প্রয়োজন হলে গলফ কোর্সেই তারা সময় কাটাবেন বলে ধারণা করা হচ্ছে।