ভেনেজুয়েলার নির্বাচনে মাদুরোর জয়: বিভিন্ন দেশের প্রতিবাদ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিরোধীদের বয়কট ও ভোট কারচুপির অভিযোগের মধ্যেই দ্বিতীয় মেয়াদে ছয় বছরের জন্য নির্বাচিত হওয়ায় বিভিন্ন দেশ প্রতিবাদ জানিয়েছে।
মাদুরোর জয়ের প্রতিক্রিয়ায় আর্জেন্টিনা, ব্রাজিল ও কানাডাসহ ১৪টি দেশ কারাকাস থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে বলে খবর বিবিসির।
রোববারের নির্বাচনের পর দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
অর্থনৈতিক সংকটের কারণে সৃষ্ট খাদ্য ঘাটতিতে থাকা ভেনেজুয়েলায় এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দানের হারও খুব কম ছিল বলে জানিয়েছে বিবিসি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার নাগরিকদের ওপর ‘দমনপীড়ন বন্ধে’ নতুন নির্বাচন দিতে মাদুরেরা প্রতি আহ্বান জানিয়েছেন।
এর বিপরীতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মাদুরোকে অভিনন্দন জানিয়েছেন।
‘ভেনেজুয়েলা যেসব সামাজিক ও অর্থনৈতিক সমস্যার মুখোমুখি, সেগুলোর সমাধানে’ মাদুরো সফল হবেন বলেও প্রত্যাশা জানিয়েছেন তিনি।
এবারের নির্বাচনে ৯০ শতাংশ ভোট গণনা শেষে মাদুরো ৫৮ লাখ ভোটারের সমর্থন পেয়েছেন বলে দেশটির ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিল (সিএনই) জানিয়েছে; যা মোট ভোটের ৬৭ দশমিক ৭ শতাংশ। প্রধান প্রতিদ্বন্দ্বী হেনরি ফ্যালকন পেয়েছেন ২১ দশমিক ২ শতাংশ ভোট, অর্থাৎ ১৮ লাখ মানুষের সমর্থন।
বিরোধীদের ভোট বয়কটের মধ্যে মাদুরের বিরুদ্ধে নির্বাচন করে সমালোচনার মুখে পড়েছেন ফ্যালকনও। অবশ্য ভোট গ্রহণ শেষ হওয়ার পর গণনার আগেই নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে নতুন নির্বাচনের দাবি তোলেন তিনি।
ভোটের আগেই যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) বেশ কয়েকটি লাতিন দেশ জানিয়েছিল, এ নির্বাচনকে স্বীকৃতি দিবে না তারা।
নির্বাচনের ফল ঘোষণার পর মেক্সিকো, কলম্বিয়া, চিলি, পানামা ও পেরু কারাকাসের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাত্রা নামিয়ে আনার ঘোষণা দিয়েছে বলে খবর বিবিসির।
তবে পশ্চিমাদের দিক থেকে চাপের মুখে পড়লেও মাদুরোর প্রতি সমর্থন অব্যাহত আছে চীন, রাশিয়া, এল সালভাদর ও কিউবার মতো মিত্রদেশগুলোর। ভেনেজুয়েলার নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দনও জানিয়েছে তারা।
ভেনেজুয়োর সব দলকে ‘জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা’ দেখাতে আহ্বান জানিয়েছে বেইজিং।
সিএনই বলছে, ভোটদানের হার ছিল ৪৬ শতাংশ; যার দুই-তৃতীয়াংশেরও বেশি ভোট পড়েছে ইউনাইটেড সোশালিস্ট পার্টির প্রার্থী মাদুরোর পক্ষে।
মাদুরো বিরোধীদের দাবি, সিএনই যা দেখাচ্ছে, ভোটদানের হার ছিল তারচেয়েও কম, ৩০ শতাংশের কাছাকাছি।
মাদুরোর জয়ের পরপরই দেশটির ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে হাঁটে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার কর্মকর্তারা যেন দেশটির তেল সম্পদ বিক্রি করতে না পারে সেই লক্ষ্যেই এবারের নিষেধাজ্ঞা।
নববির্বাচিত প্রেসিডেন্ট মাদুরো, তার মন্ত্রিসভা ও দলের অনেক শীর্ষ নেতাদের ওপর আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞা বলবৎ আছে।
ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়েজা যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞাকে ‘পাগলামি, বর্বর ও আন্তর্জাতিক আইনের বিরোধী’ বলে অভিহিত করেছেন।
