পরমাণু চুক্তি থেকে বেরিয়ে ‘ভুল করলেন ট্রাম্প’: খামেনি
ছয় বিশ্বশক্তির সঙ্গে তেহরানের স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ভুল করলেন’ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার ঘোষণার পর বুধবার ইরানের টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ট্রাম্পকে সরাসরি উদ্দেশ্য করে খামেনি একথা বলেন, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
“প্রথম দিন থেকেই আমি বলছি, আমেরিকাকে বিশ্বাস করো না,” চুক্তি অটুট রাখার সিদ্ধান্ত নেওয়ার আগে ইরানের সরকারকে ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে ‘নিশ্চয়তা’ নেওয়ারও পরামর্শ দিয়েছিলেন তিনি।
জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্তে তেহরানের পরমাণু কর্মসূচির লাগাম টানতে ২০১৫ সালে নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য ও জার্মানির সঙ্গে দশ বছর মেয়াদী একটি চুক্তিতে স্বাক্ষর করেছিল ইরান।
চুক্তি অনুযায়ী গত তিন বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজের সংখ্যা কমিয়ে আনার পাশাপাশি তেহরান তাদের পারমাণবিক স্থাপনাগুলো নিয়মিত পরিদর্শনের জন্য আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও পরিদর্শকদেরও নিয়মিত অনুমতি দিয়ে এসেছে।
বারাক ওবামা আমলে স্বাক্ষর হওয়া ওই চুক্তি নিয়ে প্রথম থেকেই সমালোচনা মুখর ছিলেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক ঘোষণায় চুক্তিটি ‘ক্ষয়ে ও পচে গেছে’ উল্লেখ করে সেখান থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসা এবং ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানান এ রিপাবলিকান প্রেসিডেন্ট।
চুক্তিতে স্বাক্ষরকারী অন্য দেশগুলো বলছে, তারা এখনও চুক্তির ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।
ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইরান চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসাকে ‘ভুল’ হিসেবে অভিহিত করেছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী বরিস জনসন বলেছেন, চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কোনো অভিপ্রায় নেই যুক্তরাজ্যের।
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল বলেছেন, তার দেশ ভবিষ্যতেও ইরানকে এ চুক্তির বাধ্যবাধকতার মধ্যে রাখতে যা যা করার দরকার, তা করবে।
তুলনামূলক সংস্কারবাদী হিসেবে পরিচিত ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিও বলছেন, তিনি চুক্তিটি টিকিয়ে রাখার চেষ্টা করবেন। রুহানির আমলেই ছয় বিশ্বশক্তির সঙ্গে এই জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) স্বাক্ষরিত হয়।
শেষ পর্যন্ত চুক্তি বাঁচানো না গেলে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ ফের শুরু করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
“অন্যান্য দেশের সহায়তায় যদি আমরা চুক্তিতে ঠিক করা লক্ষ্য অর্জনে সমর্থ হই, তাহলে এটি (চুক্তি) বলবৎ থাকবে,” বলেছেন তিনি।
রুহানির মত এতটা ইতিবাচক নন ইরানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী খামেনি। টেলিভিশনে দেওয়া বক্তৃতায় এ ধর্মীয় নেতা বলেন, তিনি যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিকে বিশ্বাস করেন না। চুক্তিটি অব্যাহত রাখতে এই তিন ইউরোপীয় দেশের কাছ থেকে ‘জামানত নেওয়া’ প্রয়োজন বলেও মন্তব্য তার।
নিজের দেশের সরকারকে উদ্দেশ্য করে খামেনি বলেন, “শুনছি আপনারা ওই তিন ইউরোপীয় দেশের সঙ্গে চুক্তি অব্যাহত রাখতে চান। এই দেশগুলোর ওপর আমার আস্থা নেই। আপনারা যদি কোনো সমঝোতায় পৌঁছাতে চান, তাহলে সত্যিকারের জামানত নিয়ে নেন; নাহলে আগামীকাল তারাও যুক্তরাষ্ট্রের মত একই কাজ করবে। তাদের কথার কোনো মূল্য নেই। আজ তারা এক কথা বলে, কাল অন্য কথা। তাদের কোনো লজ্জাও নেই।”
এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নতুন করে শুরু হলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
“আমি ইরানকে পরামর্শ দেব ফের পরমাণু কর্মসূচি না শুরু করার। আমি তাদেরকে দৃঢ়ভাবে এ পরামর্শ দেব। যদি তারা করে, তাহলে তার পরিণতি হবে গুরুতর,” বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বলেন ট্রাম্প।
চুক্তি নিয়ে আগামী সোমবার ইউরোপীয় তিন দেশের সঙ্গে ইরানের বৈঠক হতে পারে বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-জুভ লো দ্রিয়ান।
ছয় বিশ্বশক্তির সঙ্গে হওয়া চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ায় ‘গভীর হতাশার’ কথা জানিয়েছে রাশিয়া।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ত্রুটিপূর্ণ’ চুক্তি বাতিলে ট্রাম্পের ‘সাহসী’ ঘোষণায় ‘পূর্ণ সমর্থন’ আছে তাদের।
মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিদ্বন্দ্বী সৌদি আরবও চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণায় ‘সমর্থন ও সাধুবাদ’ জানিয়েছে।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রী আদেল আল-জুবেইর সিএনএনকে বলেছেন, ইরান পরমাণু অস্ত্র বানানোর সক্ষমতা অর্জন করলে রিয়াদও যে কোনো উপায়ে পরমাণু শক্তিধর হওয়ার চেষ্টা করবে।
