২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা মারাত্মক ভুল: ওবামা

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে দাঁড়ানোর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত ভুল বলেই মনে করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2018, 09:05 PM

Updated : 19 Aug 2022, 02:01 PM

তিনি ক্ষমতায় থাকাকালেই ২০১৫ সালে বিশ্বের প্রভাবশালী ছয় রাষ্ট্রের সঙ্গে ইরানের এ চুক্তি হয়েছিল।

এক বিবৃতিতে ওবামা বলেছেন, “ইরান যে চুক্তি লঙ্ঘন করেনি সেটিকে ঝুঁকির মুখে ফেলে দেওয়ার সিদ্ধান্ত মারাত্মক ভুল বলেই আমি মনে করি।”

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কূটনীতিক, বিজ্ঞানী ও গোয়েন্দা কর্মকর্তাদের নিয়ে দীর্ঘ আলোচনার পর ইরানের পরমাণু চুক্তি সই করা হয়েছিল। সেই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার মানে হচ্ছে, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্রদের হাতছাড়া করা।

২০১৫ সালের ওই চুক্তির বদৌলতে ইরান উল্লেখযোগ্যভাবে পারমাণবিক কর্মসূচি গুটিয়ে নিয়েছে এবং এ চুক্তিটি উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির রাশ টেনে ধরতে প্রেসিডেন্ট ট্রাম্প এখন আলোচনার মধ্য দিয়ে যে চুক্তি করার আশা করছেন তার একটি ‘মডেল’ বলে ওবামা উল্লেখ করেন।

আর এ কারণেই “ওই চুক্তি থেকে সরে আসার আজকের ঘোষণাটি ভুলই হয়েছে” বলে তিনি মন্তব্য করেন।