ক্যালিফোর্নিয়ার ‘সিরিজ খুনি’ সাবেক পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার
গত শতকের সাত ও আটের দশকে হওয়া খুন, ধর্ষণ ও চুরির শতাধিক অভিযোগে যুক্তরাষ্ট্রে সাবেক এক পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে।
ক্যালিফোর্নিয়ার সাক্রামেন্টো পুলিশ ৭২ বছর বয়সী সন্দেহভাজন জোসেফ জেমস ডিএঞ্জেলোকে গ্রেপ্তারের কথা জানিয়েছে বলে খবর বিবিসির।
কথিক এই ‘গোল্ডেন স্টেট কিলার’-ই ১২ খুন, ৫১টি ধর্ষণ ও ১২০টিরও বেশি চুরির জন্য দায়ী বলে ধারণা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
সন্দেহভাজন এ অপরাধী দীর্ঘদিন ধরেই সাক্রামেন্টো এলাকায় বসবাস করে আসছেন। চার দশক আগের ধামাচাপা পড়া অপরাধগুলোর নতুন তদন্ত শুরুর পর ডিএঞ্জেলোর খোঁজ মেলে, দাবি তদন্ত কর্মকর্তাদের।
প্রাথমিকভাবে তার বিরুদ্ধে ১৯৭৮ সালে সাক্রামেন্টোতে ব্রায়ান ও কেটি ম্যাগরি এবং ১৯৮০ সালে ভেনচুরা কাউন্টিতে শার্লেন ও লাইমেন স্মিথকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
বাকি অভিযোগগুলোও একে একে আনা হবে বলে জানিয়েছেন কৌঁসুলিরা।
সাক্রামেন্টো কাউন্টির শেরিফ স্কট জনস জানান, পুলিশ দীর্ঘদিন ধরেই ডিএঞ্জেলোকে পর্যবেক্ষণ করছিল। পরে ‘পরিত্যক্ত ডিএনএ’ থেকে অপরাধগুলোতে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়।
সন্দেহভাজন জোসেফ ডিএঞ্জেলো তার মেয়ে ও নাতনিকে নিয়ে শহরের সাইট্রাস হাইটস এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে স্থানীয় খবরের কাগজ সাক্রামেন্টো বি।
ওবার্ন জার্নাল বলছে, ক্রেতা সেজে দোকানের মাল চুরির অভিযোগে ১৯৭৯ সালে ডিএঞ্জেলোকে বরখাস্ত করে ওবার্ন পুলিশ বিভাগ।
এর আগে ১৯৭৩ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত তিনি এক্সেটেরেও পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
পুলিশে কর্মরত থাকার সময়ই ডিএঞ্জেলো দুর্ধর্ষ এ অপরাধগুলো করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
গোল্ডেন স্টেট কিলার ছাড়াও সন্দেহভাজন এ অপরাধী ‘ইস্ট এরিয়া রেপিস্ট’, ‘অরিজিনাল নাইট স্টকার’ ও ‘ডায়মন্ড নট কিলার’ নামেও পরিচিত ছিলেন।
১৯৭৬ থেকে পরবর্তী এক দশক ১২ থেকে ৪১ বছর বয়সী অসংখ্য শিশু ও নারীকে ধর্ষণ ও খুনের জন্য তাকেই দায়ী করা হয়।
তদন্ত কর্মকর্তারা বলছেন, সাক্রামেন্টো থেকে ‘সন্ত্রাসের রাজত্ব’ শুরু হয়ে পরে তা সান ফ্রান্সিসকো হয়ে মধ্য ও দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে ছড়িয়ে পড়ে।
ঘটনাগুলো যে একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত, ডিএনএ নমুনায় তার সাক্ষ্য আছে বলেও দাবি করছেন তারা।
বেশিরভাগ ঘটনাতেই হামলাকারী গভীর রাতে বিভিন্ন বাড়িতে ঢুকত বলে জানান কর্মকর্তারা। এরপর সেসব বাড়ির নারীদের বেঁধে, তাদের ধর্ষণ ও কাউকে কাউকে খুন করতেন কথিত গোল্ডেন স্টেট কিলার।
পরে বাড়িগুলো থেকে নগদ টাকা, গহনাসহ দামি ও গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে পালিয়ে যেতেন।
দুর্ধর্ষ এ অপরাধী সর্বশেষ ১৯৮৬-র মে মাসে অরেঞ্জ কাউন্টির আরভিনে ১৮ বছর বয়সী এক নারীকে ধর্ষণ ও খুন করেন বলে অভিযোগ আছে।
ডিএঞ্জেলোর গ্রেপ্তারের ঘোষণা দিয়ে সাক্রামেন্টোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যান মেরি বলেন, অপরাধের মাত্রা অনুযায়ী এর সমাধান জরুরি হয়ে পড়েছিল।
কৌঁসুলিরা সন্দেহভাজন অপরাধীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাইতে পারেন বলে ভেনচুরা কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি গ্রেগ টটেন জানিয়েছেন।
দুই বছর আগে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই গোল্ডেন স্টেট হত্যাকাণ্ডের মামলায় সহায়তা করলে ৫০ হাজার ডলার পুরস্কার দেওয়ারও ঘোষণা দিয়েছিল।
