২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশেষ চাহিদাসম্পন্নদের’ কোর্সে ছিলেন টরোন্টোর সন্দেহভাজন

টরোন্টোর ব্যস্ত রাস্তায় পথচারীদের ওপর ভ্যান তুলে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন তরুণ মাধ্যমিক স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের একটি প্রোগ্রামে অংশ নিয়েছিলেন বলে তার সহপাঠীরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2018, 01:48 PM

Updated : 08 Apr 2022, 06:16 PM

অ্যালেক মিনাসিয়ানকে সেসময় প্রায়ই নিজের হাতদুটোকে সজোরে ধরে রেখে মাথা নিচু করে হেঁটে যেতে দেখা যেত বলেও ভাষ্য তাদের।

সোমবার দুপুরে ফিঞ্চ এভিনিউ ও ইয়ঞ্জ স্ট্রিটের পথচারীদের ওপর ভ্যান হামলার ২৬ মিনিট পর পুলিশ কাছাকাছি এলাকা থেকে ২৫ বছর বয়সী অ্যালেক মিনাসিয়ানকে গ্রেপ্তার করে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সন্দেহভাজন এ তরুণের ভাড়া করা সাদা ভ্যানটিই টরোন্টোর উত্তর প্রান্তে পথচারীদের ওপর তুলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ, যে ঘটনায় ১০ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়।

সিবিসি টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও ফুটেজে এক ব্যক্তিকে ধারাবাহিকভাবে একটি বস্তু পুলিশের দিকে তাক করতে দেখা গেছে। পুলিশ যখন ওই ব্যক্তিকে ‘নেমে আসতে’ বলছিলেন, সন্দেহভাজন তখনও ‘আমাকে মেরে ফেল’ বলে চিৎকার করছিল।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি ভিডিওটি করেন বলে জানিয়েছে রয়টার্স।

তার সহপাঠী মিনাসিয়ান কখনোই সহিংস ছিলেন না বলে জানিয়েছেন শিরিন চামি নামের এক নারী।  

টরোন্টোর থর্নলিয়া সেকেন্ডারি স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য একটি প্রোগ্রামে মিনাসিয়ান অংশ নিয়েছিলেন বলেও জানান চামি। ওই প্রোগ্রামে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মূলধারার পাশাপাশি পৃথক ক্লাসও করতে হতো।

নাম প্রকাশে অনিচ্ছুক আরও দুই সহপাঠী মিনাসিয়ানের সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন ওই শিক্ষার্থীদের ক্লাসে ছিলেন বলে রয়টার্সকে জানিয়েছেন। শিক্ষা গ্র্রহণ ও আচরণগত সমস্যা আছে এমন শিক্ষার্থীদের পাশাপাশি শারিরীকভাবে প্রতিবন্ধীদের জন্য কানাডার স্কুলগুলোতে এসব বিশেষ কোর্স চালু আছে।

চামি জানান, স্কুলে থাকার সময় মিনাসিয়ানকে তিনি প্রায়ই নিজের হাতদুটোকে সজোরে ধরে রেখে মাথা নিচু করে বিড়বিড় করতে করতে হেঁটে যেতে দেখতেন।

“সে খুব একটা সামাজিক ছিল না, কিন্তু যতটুকু আমি মনে করতে পারি, সে ছিল একেবারেই নিরীহ,” বলেন চামি।

পুলিশও বলছে মিনাসিয়ান তাদের কাছে অচেনা ছিলেন। কী কারণে ২৫ বছর বয়সী এ তরুণ এ ধরনের ঘটনা ঘটাতে পারে তাও স্পষ্ট নয়।

মিনাসিয়ানের ফেইসবুক প্রোফাইলে ঢোকা যাচ্ছে না বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। ইন্টারনেটের আর্কাইভ ঘেঁটে দেখা যায়, সন্দেহভাজন এ তরুণ ২০১১ থেকে ২০১৮-র এপ্রিল পর্যন্ত সেনেকা কলেজে পড়াশোনা করেছেন।

২০১৩ সালে লেখা এক ব্লগ পোস্টে মিনাসিয়ান কলেজের সেন্টার ফর ডেভেলপমেন্ট অব ওপেন টেকনোলজিতে কাজ শুরুর কথাও জানান। ওই ব্লগেই তিনি ২০১৪-র মার্চ পর্যন্ত সফটওয়ার ডেভেলপমেন্টে তার ধারাবাহিক অগ্রগতির খতিয়ানও লিপিবিদ্ধ করেছিলেন।

মিনাসিয়ান ২০১১ সালেই থর্নলিয়া সেকেন্ডারি স্কুল থেকে পাস করেন, সফটওয়ার ডেভেলপমেন্টে তার পেশাগত দক্ষতা আছে।

গুগলের অ্যান্ড্রয়েড স্টোরে একটি পার্কিং অ্যাপের নামও পাওয়া যাচ্ছে, যার ডেভেলপার হিসেবে দেখা যাচ্ছে অ্যালেক মিনাসিয়ানের নাম।