মিগেলকে অভিনন্দন পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিউবার নবনির্বাচিত প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেলকে অভিনন্দন জানিয়েছেন।
ক্রেমলিনের ওয়েবসাইটের বরাত দিয়ে রয়টার্স জানায়, শুক্রবার পুতিন টেলিফোনে মিগেল ও কিউবার বিদায়ী প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সঙ্গে কথা বলেন।
মিগেলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রুশ প্রেসিডেন্ট কিউবার অর্থনীতির আধুনিকায়নে রুশ সহযোগিতারও প্রস্তাব দেন বলেও জানিয়েছে তারা।
নেতৃত্ব নির্বাচনে ন্যাশনাল অ্যাসেম্বলির দুই দিনের অধিবেশন শেষে বৃহস্পতিবার ক্যারিবীয় দেশ কিউবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ৫৭ বছর বয়সী মিগেল।
উদ্বোধনী ভাষণে তিনি বলেন, কিউবার পররাষ্ট্র কৌশল ‘অপরিবর্তিত থাকবে’। জরুরি প্রয়োজনে কোনো পরিবর্তন আনতে হলে কেবল কিউবার জনগণেরই সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার থাকবে।
“পুঁজিবাদ ফিরিয়ে আনার চক্রান্ত যারা করছে তাদের কিউবায় কোনো স্থান নেই,” বলেন মিগেল।
কাস্ত্রো ভ্রাতৃদ্বয়ের পর মিগেলই হলেন একদলীয় সোশালিস্ট রাষ্ট্র কিউবার নতুন প্রেসিডেন্ট, যার হাতে ক্ষমতা সঁপে দিয়ে নিশ্চিন্ত হতে চাইছেন কিউবা বিপ্লবের সময় সামনে থেকে নেতৃত্ব দেওয়া গেরিলা প্রজন্ম।
তুলনামূলক তরুণ এ নেতাকে রাউলের শুরু করা অর্থনৈতিক সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়াসহ প্রবৃদ্ধি বাড়ানো এবং ট্রাম্প প্রশাসনের নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা।
১৯৬০ সালে জন্ম নেওয়া মিগেল তরুণ বয়সেই যোগ দেন সান্তা ক্লারার ইয়াং কমিউনিস্ট লীগে। স্থানীয় বিশ্ববিদ্যালয়ে তড়িৎ প্রকৌশল পড়ানোর সময় থেকে তার বিকাশ দৃশ্যমান হতে থাকে। ৩৩ বছর বয়সে তিনি ইয়াং কমিউনিস্ট লীগের দ্বিতীয় সম্পাদক নির্বাচিত হন।
মিগেলের ‘মতাদর্শগত দৃঢ়তা’র প্রশংসা শোনা গেছে রাউলের কণ্ঠেও।
ফিদেলের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক দূরত্ব থাকলেও রাউল সে অবস্থা থেকে সরে এসে ওবামা প্রশাসনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধিতে উদ্যোগী হয়েছিলেন।
পর্যবেক্ষকরা বলছেন,ভেনেজুয়েলাসহ লাতিন আমেরিকা ও ক্যারিবীয় মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ককে এগিয়ে নেওয়াই নয়, মিগেলকে নজর দিতে হবে অর্থনৈতিক পুনর্গঠনেও।
