২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় হামলার বিপদ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

সিরিয়ায় সামরিক হামলার বিপদ সম্পর্কে ‍যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2018, 12:52 PM

Updated : 08 Apr 2022, 06:13 PM

দৌমায় সন্দেহভাজন রাসায়নিক হামলার প্রতিক্রিয়ায় ওয়াশিংটনের বিমান হামলা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বাধিয়ে দিতে পারে বলেও শঙ্কা তাদের।

জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভেসেলি নেবেনজিয়া বৃহস্পতিবার সিরিয়ায় হামলা বিষয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

“এই মুহুর্তের অগ্রাধিকার হচ্ছে যুদ্ধের বিপদকে প্রতিহত করা,” বলেন তিনি।

সিরিয়ার পরিস্থিতিকে ‘খুবই বিপজ্জনক’ অ্যাখ্যা দিয়ে নেবেনজিয়া আন্তর্জাতিক শান্তিকে ঝুঁকির মুখে ফেলার দায় দিয়েছেন ওয়াশিংটনকে।

আসাদ সমর্থক বাহিনী রাসায়নিক হামলা চালিয়েছে অভিযোগ করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো সিরিয়ায় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর।

যদিও সিরীয় সরকারি বাহিনীর মিত্র রাশিয়া এ ধরনের পদক্ষেপের ব্যাপারে আগে থেকেই হুঁশিয়ারি দিয়ে আসছে।

“দুর্ভাগ্যজনকভাবে আমরা কোনো সম্ভানাকে বাদ দিচ্ছি না,” বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক সেরে সাংবাদিকদের বলেন নেবেনজিয়া।

সিরিয়ায় রুশ বাহিনীর উপস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ ‘বিপদের মাত্রা বাড়িয়ে দিতে পারে’ বলেও মন্তব্য তার।

নেবেনজিয়ার আগে রাশিয়ার সামরিক বাহিনীর প্রধানও সিরিয়ায় হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছিলেন, রুশ স্থাপনা ও সেনাদল হুমকির মুখে পড়লে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করা হবে এবং যেসব স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে, সেগুলোও গুঁড়িয়ে দেয়া হবে।

পশ্চিমের দেশগুলোর সম্ভাব্য হামলা বিষয়ে শুক্রবারও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করেছেন নেবেনজিয়া।

হোয়াইট হাউজ জানিয়েছে, তারা এখনো দৌমায় সন্দেহভাজন রাসায়নিক হামলার কি ধরনের প্রতিক্রিয়া দেখানো যায়, তা খতিয়ে দেখছে।

রাসায়নিক অস্ত্র নিরোধ আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অব কেমিকেল উইপনস (ওপিসিডব্লিউ) জানিয়েছে, দৌমায় বিষাক্ত গ্যাস ব্যবহৃত হয়েছিল কীনা তা অনুসন্ধানে তাদের বিশেষজ্ঞরা সিরিয়ায় যাচ্ছে।

শনিবার থেকে ওই বিশেষজ্ঞ দল কাজ শুরু করবে।