২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় বোমা হামলার হুমকি, রাশিয়াকে হুঁশিয়ারি ট্রাম্পের

সিরিয়ায় সামরিক অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রকে মস্কোর হুঁশিয়ারির জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় ‘অচিরেই ক্ষেপণাস্ত্র ছোড়া হবে’ বলে হুমকি দিয়ে রাশিয়াকে সতর্ক করে দিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Apr 2018, 08:28 PM

Updated : 08 Apr 2022, 06:12 PM

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পাশে দাঁড়ানোর জন্য রাশিয়ার তীব্র সমালোচনাও করেছেন ট্রাম্প।

বুধবার এক টুইটে ট্রাম্প  হুমকি দিয়ে বলেন, “সিরিয়ার দিকে ছোড়া যে কোনো এবং সব ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার প্রতিজ্ঞা করেছে রাশিয়া। রাশিয়া প্রস্তুত হও, কারণ তারা আসবে। তারা সুন্দর, নতুন এবং ‘আধুনিক!’ গ্যাস দিয়ে নিজের জনগণকে হত্যা করে তা উপভোগকারী পশুর সঙ্গী হওয়া উচিত হয়নি আপনাদের ।”

সিরিয়ার পূর্ব গৌতায় বিদ্রোহী নিয়ন্ত্রিত সর্বশেষ শহর দৌমায় রাসায়নিক হামলায় ৭০ জনের বেশি মানুষ নিহত হওয়ার ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়া মুখোমুখি অবস্থানে রয়েছে।

সিরিয়ার সরকারি বাহিনী রাসায়নিক হামলা চালিয়েছে বলে দাবি দৌমার বিদ্রোহীদের। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোও এজন্য বাশার আল-আসাদ বাহিনীকে দায়ী করছে।

যদিও আসাদ সরকার এবং তাদের মিত্র রাশিয়া রাসায়নিক হামলার অভিযোগ অস্বীকার করেছে।

গত ৭ এপ্রিল বিভিন্ন আন্তর্জতিক সংবাদমাধ্যম সিরিয়ায় উদ্ধার ও চিকিৎসা কাজে নিয়োজিত কয়েকটি দাতব্য সংস্থার বরাত দিয়ে দৌমায় রাসায়নিক হামলার খবর প্রকাশ করে।

যদিও কোনো সংবাদমাধ্যমই স্বাধীনভাবে ওই খবরের সত্যতা যাচাই করতে পারেনি।

পরে বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা দৌমায় শনিবার ৪৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলে, “লক্ষণ দেখে মনে হচ্ছে সেখানে উচ্চমাত্রায় বিষাক্ত রাসায়নিকের বিস্ফোরণ ঘটনো হয়েছে।”

সেখানে আরও পাঁচশতাধিক মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এ বছর জানুয়ারি থেকে সিরিয়া ও তাদের মিত্রবাহিনীগুলো বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব গৌতায় সেনা অভিযান শুরু করে।

তাদের আক্রমণে বেশিরভাগ বিদ্রোহীগোষ্ঠী পিছু হটতে বাধ্য হয়। কিন্তু দৌমার জইশ আল ইসলাম বিদ্রোহীরা এলাকা ছাড়তে রাজি না হওয়ায় প্রচণ্ড বিমান হামলা শুরু করে আসাদ বাহিনী।

তার মধ্যেই রাসায়নিক হামলার খবর প্রকাশ পায়।

এ নিয়ে পশ্চিমা দেশগুলোর অসন্তোষের মধ্যেই গত সোমবার সিরিয়ার হোমস নগরীর নিকটবর্তী সামরিক বিমানঘাঁটি তিয়াসে ক্ষেপণাস্ত্র হামলা হয়। হামলায় অন্তত ১৪ জন নিহত হন, যাদের মধ্যে অন্তত চারজন ইরানের নাগরিক বলে জানায় দেশটির আধাসরকারি ফারস নিউজ এজেন্সি।

সিরিয়া শুরুতে ক্ষেপণাস্ত্র হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেও পরে ইসরায়েলি জঙ্গিবিমান থেকে ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করে।

ইসরায়েলে হামলার দায় স্বীকার করেনি বা অস্বীকারও করেনি।

হামলার পর লেবাননে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জাসিপকিন বলেছিলেন, “সিরিয়াকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র কোনো ক্ষেপণাস্ত্র ছুড়লে তা গুলি করে ভূপাতিত করা হবে এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের স্থানে পাল্টা হামলা চালানো হবে।”

মঙ্গলবার সন্ধ্যায় হিজবুল্লাহ পরিচালিত লেবাননের আল মানার টেলিভিশনে তার এ মন্তব্য সম্প্রচার করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তারপরই ট্রাম্প রাশিয়াকে ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রস্তুত থাকতে বললেন।

ট্রাম্পের হুমকির তাৎক্ষণিক জবাবে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সন্ত্রাসীদের আঘাত করা উচিত, কোনো বৈধ সরকারকে নয়।”

রাশিয়া আসাদ সরকারকে বৈধ এবং বিদ্রোহীদের জঙ্গি বলে বর্ণনা করে।