২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটে বাতিল লুফথানসা, এয়ার ফ্রান্সের শ’শ’ ফ্লাইট

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে শ্রমিকদের ধর্মঘটের ফলে কয়েকশ’ ফ্লাইট বাতিল করেছে ইউরোপের সবচেয়ে বড় দুটি এয়ারলাইন্স লুফথানসা এবং এয়ার ফ্রান্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2018, 10:51 PM

Updated : 08 Apr 2022, 06:12 PM

জার্মানিতে বৃহত্তম বিমান পরিবহন সংস্থা লুফথানসা মঙ্গলবার তাদের আটশ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়। যে কারণে যথা সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি প্রায় ৯০ হাজার যাত্রী।

বিবিসি জানায়, প্রতিদিন লুফথানসার প্রায় ১৬শ’ ফ্লাইট পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাতায়াত করে।

মঙ্গলবার অর্ধেক ফ্লাইট বাতিল করার পাশপাশি যেসব ফ্লাইট বাতিল হয়নি সেগুলোর যাত্রীদেরও পথে বেশি সময় লাগতে পারে বলে সতর্ক করে আগেভাগেই বিমানবন্দরে আসার অনুরোধ করেছে লুফথানসা কর্তৃপক্ষ।

ফ্রান্সের মত জার্মানিতেও শ্রমিকরা ধর্মঘট শুরু করায় পরিবহন খাতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

লুফথানসার কর্মীরা ধর্মঘটে অংশ না নিলেও ফ্রাঙ্কফুর্ট, মিউনিখ, কোলন ও ব্রেমেন বিনামবন্দরের কর্মীরা (গ্রাউন্ড স্টাফ) ধর্মঘটে যাওয়ায় বিমান উঠা নামায় সমস্যা দেখা দিয়েছে।

একই সময়ে এয়ার ফ্রান্সও ধর্মঘটের কারণে তাদের এক-চতুর্থাংশ ফ্লাইট বাতিল করেছে। পাইলট, কেবিন ক্রু ও গ্রাউন্ড স্টাফদের ধর্মঘটের ফলে মাঝারি দূরত্বের বহু ফ্লাইট বাতিল হয়েছে।

প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরসহ অন্যান্য বিমানবন্দর থেকেও একাধিক ফ্লাইট বাতিল হয়ে যাত্রীরা ভোগান্তিতে পড়েছে।

শ্রমিক ইউনিয়নগুলো বলছে, তারা তাদের প্রত্যাশিত সুযোগসুবিধা পাচ্ছে না। তাছাড়া গত ৬ বছর ধরে তাদের মজুরিও বাড়ছে না।

সরকারি কর্মীদের বেতন নিয়ে আলোচনা শুরুর আগে ‘চাপ বাড়াতে’ ধর্মঘট চলছে বলে জানিয়েছেন জার্মানির ট্রেড ইউনিয়েনের নেতারা।

যে যুক্তিতে ট্রেড ইউনিয়ন এত বড় আকারের ধর্মঘট করছে তা তাদের ‘বোধগম্য’ হচ্ছে না বলে জানায় লুফথানসা।

লুফথানসার মানবসম্পদ বিভাগের প্রধান বলেন, “ট্রেড ইউনিয়ন থেকে যাত্রীদের উপর এই চাপ কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। যাত্রীদের এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, অথচ তারাই সবচেয়ে বেশি ভুগছে।”

লুফথানসার কোনো ভাবেই শ্রমিক-সরকার যৌথ দরকষাকষির অংশ নয় বলেও জানান তিনি।

“কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের গ্রাহক ও কোম্পানিকে বিশৃঙ্খল এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে।”

রাজনীতিবীদ এবং আইনপ্রণেতাদের ধর্মঘট এবং শিল্প ব্যবস্থাপণা আইনের সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত বলেও মনে করেন তিনি।

বুধবার পূর্ব নির্ধারিত সূচিতে লুফথানসার ফ্লাইট পরিচালনা হবে বলেও জানান এই কর্মকর্তা।