২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জাপানের মাসাজো নোনাকা

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে গিনেস বুকে স্থান করে নিয়েছেন জাপানের মাসাজো নোনাকা। তার বয়স ১১২ বছর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2018, 10:18 PM

Updated : 08 Apr 2022, 06:12 PM

মঙ্গলবার জাপানের সবচেয়ে উত্তরের জেলা হোক্কাইডোর বাসিন্দা নোনাকা বাড়িতে বসেই সবচেয়ে বেশি বয়স্ক মানুষের সনদ হাতে পেয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।

১৯০৫ সালে জুলাইয়ে আশোরো শহরে জন্ম নেওয়া নোনাকা বর্তমানে তার পরিবারের সঙ্গে সেখানেই বসবাস করছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সিনহুয়া জানায়, আশোরোর মেয়র মঙ্গলবার নোনাকার হাতে সনদের পাশপাশি পুরস্কার ও একটি কেক তুলে দিয়েছেন। 

টেলিভিশনে সুমো কুস্তি দেখতে এবং গান শুনতে ভালোবাসেন নোনাকা। খবরের কাগজও পড়েন প্রতিদিনই। চলাফেরার জন্যে তার হুইল চেয়ার লাগলেও তিনি সুস্থ আছেন বলে জানিয়েছে তার পরিবার। যে কোন ধরনের মিষ্টি খেতেও খুব পছন্দ করেন তিনি, বিশেষ করে কেক।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সম্পাদক ক্রেইগ গ্লেনডে বলেন, “নোনাকার অর্জন সত্যিই অসাধারণ। তিনি আমাদের জীবনের মূল্য এবং মানুষের সীমিত জীবনকাল কিভাবে বাড়ানো যায় সে বিষষে গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে পারেন।”

নোনাকার নাতি কোকি কুরোহাতা বলেন, “তিনি বৃদ্ধদের জন্য দেওয়া কোনো সেবাই নেন না। তার মস্তিষ্ক এখনো দারুণ কার্যকরী। তিনি সত্যিই অসাধারণ।”

সবচেয়ে বেশি বয়স্ক পুরুষ নোনাকার পাশপাশি সবচেয়ে বেশি বয়সের নারীও একজন জাপানি।

গত বছর সেপ্টেম্বরে জ্যামাইকার ভায়োলেট ব্রাউনের মৃত্যুর পর জাপানের ১১৭ বছরের নাবি তাজিমা সবচেয়ে বেশি বয়সের নারীর স্বীকৃতি পান।