২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ইউলিয়া স্ক্রিপাল

যুক্তরাজ্যে হত্যাচেষ্টার শিকার পক্ষত্যাগী সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপালের মেয়ে ইউলিয়া স্ক্রিপাল সলসবেরির হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে তিনি এখন কোথায় আছেন তা গোপন রাখা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Apr 2018, 07:07 PM

Updated : 08 Apr 2022, 06:12 PM

সোমবার রাতে ইউলিয়া হাসপাতাল থেকে নিরাপদ স্থানে চলে গেছেন বলে জানান তার চিকিৎসকরা। তবে ঠিক কখন তিনি হাসপাতাল ত্যাগ করেছেন বা কোথায় গেছেন যে বিষয়ে কোনো তথ্য দেননি তারা।

গত শুক্রবার ব্রিটিশ চিকিৎসকরা সের্গেই স্ক্রিপালের শারীরিক অবস্থারও ‘দ্রুত উন্নতি’ হচ্ছে বলে জানিয়েছিলেন।

মঙ্গলবার সলসবেরি ডিসট্রিক্ট হাসপাতালের পরিচালক ক্রিস্টিন ব্লানশার্ড সংবাদিকদের ইউলিয়াকে ডিসচার্জ করার কথা জানান।

তিনি বলেন, “আমরা ইউলিয়াকে ডিসচার্জ করছি। কিন্তু তার চিকিৎসা এখনো শেষ হয়নি। যদিও তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।”

“তার বাবার শরীরিক অবস্থাও এখন  উন্নতির দিকে। আমি শুক্রবারই আপনাদের তা জানিয়েছিলাম, স্ক্রিপালের অবস্থা এখন আর আশঙ্কাজনক নয়। তবে ইউলিয়ার তুলনায় তার সুস্থ হওয়ার গতি ধীর। আমরা আশা করছি, তিনিও সুস্থ হয়ে হাসপাতাল ছাড়তে পারবেন।”

গত ৪ মার্চ ৬৬ বছরের স্ক্রিপাল ও তার ৩৩ বছরের মেয়েকে সলসবেরির একটি পার্কে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল। রাশিয়া তাদেরকে সোভিয়েত আমলের নার্ভ এজেন্ট ‘নোভিচক’ দিয়ে মেরে ফেলার চেষ্টা হয়েছিল বলে সন্দেহ যুক্তরাজ্যের।

যদিও রাশিয়া শুরু থেকেই এ ঘটনার পেছনে তাদের হাত নেই বলে দাবি করে আসছে। বরং তারা উল্টো যুক্তরাজ্যের দিকে আঙ্গুল তুলে বলেছে, সেখানকার রাসায়নিক গবেষণাগার থেকেই ওই নার্ভ এজেন্ট বাইরের কারও হাতে পড়েছে।

এ ঘটনার জের ধরে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্ক্রিপালকে বিষ দেওয়ার ঘটনায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ ২৩টি বেশি দেশ রাশিয়ার কূটনীতিক বহিষ্কার করেছে। রাশিয়াও পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে।

পুরনো খবর:

গুপ্তচর হত্যাচেষ্টা: ‘দ্রুত’ সুস্থ হচ্ছেন স্ক্রিপাল