যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য: ‘স্নায়ুযুদ্ধের মানসিকতা' নিয়ে সতর্ক করলেন শি
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ‘স্নায়ুযুদ্ধের মানসিকতা’র ব্যাপারে সতর্ক করে দিয়ে দেশের অর্থনীতির কিয়দংশ উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনার মধ্যে পরিস্থিতিকে শান্ত করতে এশিয়ার দাভোসখ্যাত বোয়াও সম্মেলনে শি এ মন্তব্য করেছেন।
বক্তব্যে গাড়ি আমদানির ওপর শুল্ক কমানো এবং চীনে বিদেশি প্রতিষ্ঠানে বিনিয়োগের ক্ষেত্রেও তিনি বাধা-নিষেধ কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও এ ধরনের কোনো পরিবর্তনের ক্ষেত্রে চীনে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে।
বোয়াও সম্মেলনে দেওয়া বক্তব্যে শি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে কোনো মন্তব্য করেননি। সম্প্রতি কয়েক সপ্তাহে দুই পক্ষই একে অন্যের ওপর শুল্ক আরোপ করে এ উত্তেজনা বজায় রেখেছে।
বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকাই প্রথম’ নীতির সমালোচনা করেন শি।
“সামনে আগানো বা পেছানো, খোলা বা বন্ধের ব্যাপারে মানবসমাজ বড় ধরনের পছন্দের মুখোমুখি। এখনকার দুনিয়ায় শান্তি এবং সহযোগিতার প্রবণতা সামনের দিকে এগিয়ে যাচ্ছে; এবং স্নায়ুযুদ্ধের মানসিকতা ও শূন্য অর্জনের চিন্তা বাতিল হয়ে গেছে। নিজেদের সম্প্রদায়ের দিকে মনোযোগ একজনকে কেবল দেয়ালের দিকেই নিয়ে যেতে পারে। শান্তিপূর্ণ অগ্রগতি ও একসঙ্গে কাজ করার মধ্য দিয়েই আমরা কেবল দুই পক্ষের জয় নিশ্চিত করতে পারি,” বলেন তিনি।
শতাধিক চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের পরিকল্পনার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের বিষয়টি আরও উসকে দিয়েছেন। ওই পরিকল্পনার বিরুদ্ধে বেইজিং এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
চীনের বাজারে প্রবেশের ক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় কোনো প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব চুক্তিতে আসতে হয়; এর মাধ্যমে বেইজিং প্রযুক্তি হস্তান্তরে বিদেশি প্রতিষ্ঠানগুলোকে চাপ দেয় বলে অভিযোগ ওয়াশিংটনের।
দীর্ঘদিন ধরে আলোচনার পরও চীন ওই নিয়ম থেকে সরে না আসায় চীনা পণ্যে শুল্ক আরোপের পথে হাঁটা হয়েছে বলেও ভাষ্য তাদের।
মার্চের প্রথমদিকে বিদেশ থেকে আমদানি করা স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্কের হার বাড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার প্রতিক্রিয়ায় ১২৮টি মার্কিন পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের কথা ঘোষণা করে বেইজিং।
গত সপ্তাহে মেধাস্বত্ব লংঘনের শাস্তি হিসেবে ১৩০০ চীনা পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের নতুন পরিকল্পনার কথা জানায় ট্রাম্প প্রশাসন।
হোয়াইট হাউজ জানায়, মেধাস্বত্ব অধিকার বিষয়ে চীনের অন্যায্য চর্চার কারণেই আমদানি পণ্যে এ অতিরিক্ত শুল্কের প্রস্তাব করা হয়েছে।
এ পরিকল্পনাকে গত বছর চীনের মেধাস্বত্ব চর্চা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের তদন্তের নির্দেশের ধারাবাহিকতা হিসেবেই দেখা হচ্ছে।
