২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাজার যাত্রী নিয়ে ইঞ্জিন ছাড়াই ট্রেন গেল ১৩ কিলোমিটার

ভারতের রাষ্ট্র পরিচালিত রেলওয়ের একটি ট্রেনের ইঞ্জিনবিহীন ২২টি বগি প্রায় হাজারখানেক যাত্রী নিয়ে ১৩ কিলোমিটার (আট মাইল) পথ পাড়ি দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2018, 05:36 PM

Updated : 19 Aug 2022, 01:52 PM

ওড়িশা রাজ্যের এ ঘটনায় কর্তব্যে অবহেলার জন্য সাত কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে সোমবার জানিয়েছেন ভারতীয় রেলওয়ের কর্মকর্তারা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ট্রেনটি গুজরাট রাজ্যের আহমেদাবাদ থেকে ওড়িশার পুরি যাচ্ছিল।

শনিবার রাতে ওড়িশার রাজধানী ভুবনেশ্বর থেকে ৩৮০ কিলোমিটার দূরে টিলাগড় স্টেশনে আসার পর ট্রেনটির ইঞ্জিনবিহীন বগিগুলো কালাহান্দি জেলার কেসিঙ্গার দিকে এগিয়ে যেতে শুরু করে বলে জানিয়েছে এনডিটিভি।

এ সময় টিলাগড় স্টেশনের প্রত্যক্ষদর্শীরা চিৎকার করে ওই বগিগুলোতে থাকা যাত্রীদের ট্রেনের ইমার্জেন্সি ব্রেক টেনে ধরার জন্য বলতে থাকেন। কিন্তু বগিগুলো না থেমে প্রায় ৪৫ মিনিট এভাবে চলতে থাকে।

পরে রেলওয়ের কর্মীরা ট্রেন লাইনে পাথর রেখে ও কাঠের গুড়ি ব্যবহার করে কোনোরকমে বগিগুলো থামাতে সক্ষম হন। যাত্রীরাও বগিগুলো থামাতে সাহায্য করেন বলে জানিয়েছেন এক কর্মকর্তা। 

তবে কীভাবে বগিগুলো চলতে শুরু করলো তা পরিষ্কার হওয়া যায়নি। এ ঘটনার কোনো যাত্রী আহত বা কেউ জখম হননি।    

কর্তৃপক্ষের ধারণা, ইঞ্জিনের সঙ্গে বগি জুড়ার সময় বা বিচ্ছিন্ন করার সময় যে ব্রেকগুলো কাজে লাগানো হয় এক্ষেত্রে তা ঠিকভাবে ব্যবহার করা হয়নি বা হয়তো ব্যবহারই করা হয়নি।

দায়িত্বে অবহেলার জন্য ট্রেনটির দুই চালক, কামরা মেরামতকারী তিন কর্মী ও পরিচালনা বিভাগের দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।