২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দৌমায় হামলা: আসাদকে পশু বললেন ট্রাম্প

সিরিয়ার দৌমায় ‘রাসায়নিক হামলার’ নিন্দা জানিয়ে এ কাজের জন্য প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, রাশিয়া ও ইরানকে চরমমূল্য দিতে বলে হুঁশিয়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2018, 09:16 PM

Updated : 08 Apr 2022, 06:11 PM

আসাদ বাহিনী শনিবার সিরিয়ার পূর্ব গৌতার বিদ্রোহী নিয়ন্ত্রিত সর্বশেষ শহর দৌমায় রাসায়নিক গ্যাস হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

হামলার পর অন্তত ৭০ জন শ্বাসরোধ হয়ে মারা গেছে এবং আরও শত শত মানুষ শ্বাসকষ্টে ভুগছে বলে জানিয়েছে দাতব্য সংস্থা হোয়াইট হেলমেট এবং সিরিয়ান আমেরিকান মেডিক্যাল সোসাইটি (এসএএমএস)।

যদিও রাসায়নিক হামলা হয়েছে কিনা বা নিহতের প্রকৃত সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং বিবিসি।

সিরিয়া এবং রাশিয়া রাসায়নিক হামলার অভিযোগ অস্বীকার করেছে।

দৌমায় রাসায়নিক হামলার অভিযোগ উঠার পর যুক্তরাজ্য জরুরি তদন্তের আহ্বান জানিয়েছে।

পোপ ফ্রান্সিস এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, কোনো যুক্তিতেই রাসায়নিক হামলা গ্রহণযোগ্য নয়।

রোববার একাধিক টুইটে ট্রাম্প রাসায়নিক হামলার নিন্দা জানান।

তিনি বলেন, “নির্বোধের মত সিরিয়ায় রাসায়নিক হামলায় নারী ও শিশুসহ অনেক মানুষ মারা গেছে। যে এলাকায় এ নৃশংস ঘটনা ঘটেছে সেটি সিরীয় সেনারা অবরুদ্ধ করে রেখেছে। ওই এলাকা বিশ্বের অন্য প্রান্ত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পশু আসাদকে সমর্থন দেওয়ার জন্য প্রেসিডেন্ট পুতিন, রাশিয়া এবং ইরান দায়ী। তাদের বড় মূল্য দিতে হবে…”

গত ফেব্রুয়ারিতে অভিযান শুরুর পর সিরীয় বাহিনী পূর্ব গৌতার প্রায় সব এলাকা পুনরুদ্ধার করেছে, বাকি আছে শুধু জইশ আল ইসলাম নিয়ন্ত্রিত দৌমা।

বিদ্রোহীদের সঙ্গে আলোচনার জন্য দৌমায় কয়েকদিন হামলা বন্ধ রেখেছিল সিরিয়ার সরকারি বাহিনী। আলোচনার মাধ্যমে জইশ আল ইসলামের যোদ্ধারা দৌমা ছাড়তে রাজি না হওয়ায় শুক্রবার বিকাল থেকে সরকারি বাহিনী ও তাদের মিত্ররা শহরটিতে ফের ব্যাপক বিমান হামলা শুরু করে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএএনএ এক সরকারি সূত্রের বরাত দিয়ে বলেছে, দৌমার বিদ্রোহী গোষ্ঠী জইশ আল ইসলাম ‘রাসায়নিক হামলার মিথ্যা প্রচারণা ছড়িয়ে সিরিয়ান আরব আর্মির অগ্রগতি রুখতে ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে’।

সামরিক পরাজয়ের মুখে পূর্ব গৌতারা অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলো নিরাপদে এলাকা ছেড়ে সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে চলে যাওয়া প্রস্তাব গ্রহণ করলেও দৌমার জইশ আল ইসলামের বিদ্রোহীরা এলাকা ছাড়তে রাজি হয়নি।