জার্মান আদালতে জামিন মিলল পুজদেমনের
কাতালুনিয়ার সাবেক প্রেসিডেন্ট কার্লেস পুজদেমনকে জামিন দিয়েছে জার্মানির আদালত।
বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ ও সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগে স্পেনের আদালতে আরও কাতালান নেতার সঙ্গে তারও বিচার চলছে। যদিও বিচার শুরুর আগেই পুজদেমন বেলজিয়ামে পালিয়ে গিয়েছিলেন।
তাকে আটকে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মাদ্রিদের আদালত। ওই পরোয়ানাতেই গত মাসে ডেনমার্ক থেকে বেলজিয়ামে ফেরার পথে উত্তর জার্মানি থেকে তাকে আটক করা হয়।
বিবিসি জানিয়েছে, এক সপ্তাহের যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার জার্মানির চেলসউইগ-হোলস্টেইন আদালত পুজদেমনকে শর্তসাপেক্ষে জামিন দেয়।
বিদ্রোহের অভিযোগে স্পেনের আদালতে চলা বিচারের কারণে পুজদেমনকে স্পেনের কাছে হস্তান্তরের বিষয়টিও স্থগিত রাখা হয়েছে।
গত বছরের অক্টোবরে স্বাধীনতার প্রশ্নে অনুষ্ঠিত এক গণভোটের সূত্রে কাতালান স্বাধীনতাপন্থি নেতারা মাদ্রিদের রোষানলে পড়েন। পুজদেমনসহ বেশ কয়েকজন বেলজিয়ামে পালিয়ে যান।
জার্মানিতে সাবেক প্রেসিডেন্টের জামিনের খবরে সন্তুষ্টি জানিয়েছেন কাতালান পার্লামেন্টের স্পিকার রজার টরেন্ট।
“আমরা সব সময়ই বলে এসেছি, আমরা সহিংস ছিলাম না। বিদ্রোহের অভিযোগ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। পুরোপুরি ভুল ভাষ্যে চলমান এই রাজনৈতিক নিপীড়ন বন্ধ করতে হবে,” টুইটারে বলেন তিনি।
স্পেনের সরকার জানিয়েছে, তারা চেলসউইগ-হোলস্টেইন আদালতের সিদ্ধান্তে শ্রদ্ধাশীল।
“সরকার আদালতের রায়ের বিষয়ে কখনও কোনো মন্তব্য করে না; বিশেষ করে যখন সিদ্ধান্তটি এসেছে অন্য দেশের আদালত থেকে। আমরা সব সময়ই এটাকে শ্রদ্ধা করি, আমরা পছন্দ করি আর না করি,” বলেছেন সরকারের এক মুখপাত্র।
