২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি কাজ পেতে ঘুষ: দায়ীদের রাস্তা ও স্কুল নির্মাণের দণ্ডাজ্ঞা

সরকারি কাজ পেতে ঘুষ দেওয়ার দায়ে গুয়াতেমালার নয় ব্যবসায়ীকে সড়ক ও স্কুল নির্মাণের দণ্ডাজ্ঞা দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2018, 01:27 PM

Updated : 08 Apr 2022, 06:10 PM

তাদের শাস্তির অংশ হিসেবে দুর্নীতিবিরোধী একটি ট্রাইব্যুনাল বুধবার এ আদেশ দিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ সমর্থিত ইন্টারন্যাশনাল কমিশন অ্যাগেনটস্ অ্যাম্পিউনিটি ইন গুয়াতেমালা (সিআইসিআইজি)।

ওই ব্যবসায়ীরা ধারাবাহিকভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে ছিলেন বলে গত বছর গুয়াতেমালার সরকারি কৌঁসুলির দপ্তর ও সিআইসিআইজি উদঘাটন করেছিল বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।   

দেশটির সাবেক অবকাঠামো মন্ত্রী আলেহান্দ্রো সিনেবলদির প্রশাসনের সময় এসব দুর্নীতির ঘটনা ঘটে। দুর্নীতির ঘটনাগুলো সমানে আসার পর থেকে সিনেবলদি আত্মগোপন করে আছেন।

বুধবার সিআইসিআইজির ইস্যু করা এক বিবৃতিতে বলা হয়েছে, ওই নয় ব্যবসায়ী ঘুষ প্রদানের কথা স্বীকার করে দ্রুততম সময়ের মধ্যে মামলা শেষ করার আর্জি জানিয়েছিলেন।

দোষীদের ৬৭ হাজার ৫০০ ডলারের সমপরিমাণ অর্থও জরিমানা করা হয়েছে।

এর পাশাপাশি গোষ্ঠীবদ্ধ হয়ে তাদের অন্তত ছয়টি সড়ক নির্মাণ ও মেরামত এবং দেশটির গ্রামাঞ্চলে একটি স্কুল নির্মাণ করার আদেশ দেওয়া হয়েছে।

শাস্তি ঘোষণার পর তাৎক্ষণিকভাবে ওই ব্যবসায়ীদের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে তাদের প্রতিক্রিয়া জানাতে পারেনি রয়টার্স।