২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলি বাহিনীর গোলায় ফিলিস্তিনি কৃষক নিহত

ইসরায়েলি বাহিনীর ছোড়া গোলায় গাজায় এক কৃষকের নিহত হওয়ার খবর দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2018, 03:14 PM

Updated : 08 Apr 2022, 06:08 PM

সীমান্ত বরাবর ফিলিস্তিনিদের ডাক দেওয়া বিশাল বিক্ষোভ শুরুর কয়েক ঘণ্টা আগে শুক্রবার দক্ষিণ গাজার খান ইউনুস শহরের কাছে এ হামলা হয় বলে বিবিসি জানিয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা নিহতের নাম ওমর সামৌর (২৭) বলে জানিয়েছেন; গোলায় আরও একজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মাঠ থেকে শাক তুলতে গিয়ে সামৌরসহ দুইজন হামলার শিকার হন।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে,নিরাপত্তা বেড়ার কাছে সন্দেহজনক কর্মকাণ্ড দেখার পর তারা দুই ব্যক্তিকে লক্ষ্য করে ট্যাঙ্ক থেকে গোলা ছোড়ে।

হামাসের ডাকা ছয় সপ্তাহব্যাপী কর্মসূচি ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ শুরুর আগে আগে এ ঘটনা ঘটল।

১৯৪৮ সালে শরণার্থী হওয়া লাখ লাখ মানুষকে ইসরায়েলের দখলে থাকা এলাকায় ফিরতে বাধা দেওয়ার প্রতিবাদে সীমান্ত বরাবর এ বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।

শুরুর দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে ৩০ মার্চকে; ১৯৭৬ সালের এদিন ভূমি দখলের প্রতিবাদ জানাতে গিয়ে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে ছয় বিক্ষোভকারী নিহত হন।

বিক্ষোভ উপলক্ষে সীমান্তের কাছে ফিলিস্তিনিদের অসংখ্য তাঁবু দেখা যাচ্ছে বলেও বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

হামাসের অভিযোগ, ফিলিস্তিনিদের ভয় দেখাতে এবং বিক্ষোভ থেকে দূরে সরিয়ে রাখতেই ইসরায়েল গোলা ছুড়েছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘যুদ্ধে জড়ানোর উসকানি দিতেই’ হামাসের এ বিক্ষোভের ডাক। বিক্ষোভকে কেন্দ্র করে কোনো সহিংসতা হলে তার জন্য হামাস এবং বিক্ষোভে অংশ নেওয়া ফিলিস্তিনি সংগঠনগুলোই দায়ী থাকবে বলেও হুঁশিয়ারি তেল আবিবের।