বালির বর্ষবরণ উৎসবে বন্ধ থাকবে মোবাইল ইন্টারনেট
ইন্দোনেশিয়ার বালি কর্তৃপক্ষ তাদের বর্ষবরণ উৎসবের সময় মোবাইল কোম্পানিগুলোকে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
স্থানীয় সময়পঞ্জি অনুসারে আগামী শনিবার পর্যটকদের মধ্যে জনপ্রিয় এ দ্বীপটিতে নববর্ষ পালন করা হবে।
উৎসবের অন্যতম অনুষঙ্গ নেপি বা ‘নীরবতা দিবস’ উদযাপন উপলক্ষে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে খবর বিবিসির।
হিন্দু সম্প্রদায়ের ছুটির এ দিনটি উপলক্ষে বালি বিমানবন্দরও শনিবার স্থানীয় সময় বিকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা বন্ধ থাকবে।
“অনেক হিন্দুই ইলেকট্রনিক গেজেটে আসক্ত। আশা করছি, নেপির সময় তারা অন্তর্মুখী হবে,” বলেন হিন্দুইজম সোসাইটির প্রধান গুস্তি এনগুরাহ সুদিয়ানা।
ইন্দোনেশিয়ার যোগাযোগ মন্ত্রণালয়ের বালি দপ্তরের প্রধান নোমান সুজায়া মঙ্গলবার নেপি উপলক্ষে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দেন; অন্যান্য ইন্টারনেট ব্যবস্থা সচল থাকবে বলে জানিয়েছেন তিনি।
“হোটেলের ওয়াইফাই, সরকারি সেবা, বিমানবন্দর, হাসপাতাল, নিরাপত্তা বাহিনী ও ব্যাংকিং খাত স্বাভাবিক থাকবে,” বলেন তিনি।
হিন্দু সংখ্যাগরিষ্ঠ বালি দ্বীপে বর্ষবরণের অন্যতম প্রধান অনুষঙ্গ নেপি বা নীরবতার দিন। স্থানীয় হিন্দুরা এদিন চারটি ‘নিষেধাজ্ঞা’ মেনে চলে। এগুলো হচ্ছে- আগুন জ্বালানো যাবে না, ভ্রমণ করা যাবে না, কোনো কর্মকাণ্ডে অংশ নেওয়া যাবে না, উপভোগ করা যাবে না বিনোদনও।
কেউ কেউ এদিন খাবারও স্পর্শ করেন না, কথাও বলেন না।
চলতি মাসের শুরুতেই সরকারের কাছে নেপির দিনে মোবাইল ইন্টারনেট বন্ধের অনুরোধ জানিয়েছিল ইন্দোনেশিয়ার ধর্মীয় ও নাগরিক নেতারা; পাশাপাশি পুলিশ ও সেনাবাহিনীও একই অনুরোধ জানিয়েছিল।
সেই অনুরোধে সাড়া দিয়ে প্রথমবারের মতো মোবাইল কোম্পানিগুলোকে ইন্টারনেট একদিন বন্ধ রাখতে নির্দেশ দিল কর্তৃপক্ষ।
গত বছরও একই অনুরোধ করা হয়েছিল; সেবার সরকার কর্ণপাত করেনি।
এখন থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখাকে প্রথা হিসেবেই বিবেচনা করা হবে বলেও এক ঘোষণায় বলেছে ইন্দোনেশীয় সরকার।
