ফ্লোরিডা হাইস্কুলে হামলার স্মরণে যুক্তরাষ্ট্রে বিশাল বিক্ষোভ
ফ্লোরিডার ডগলাস হাইস্কুলে বন্দুকধারীর নির্বিচার গুলিতে প্রাণহানির এক মাসের মাথায় ভয়াবহ ওই ঘটনার স্মরণে যুক্তরাষ্ট্রজুড়ে গণবিক্ষোভে রাস্তায় নেমেছে বিভিন্ন হাইস্কুলের ছাত্র-ছাত্রীরাসহ অন্যান্য কর্মীরা।
বন্দুক সহিংসতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে তারা। ফ্লোরিডা স্কুলে বন্দুক হামলায় নিহত ১৭ জনের স্মরণে বিক্ষোভকারী শিক্ষার্থীরা ১৭ মিনিটের জন্য ক্লাস বন্ধ রেখে এক মুহূর্ত নীরবতাও পালন করেছে।
বুধবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল থেকে বিক্ষোভমিছিল শুরু হয়ে পশ্চিম দিকে এগিয়েছে। বিক্ষোভের আয়োজকরা স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক, স্কুল প্রশাসনের কর্মচারি, অভিভাবক এবং বন্ধু-বান্ধবদেরকেও মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। বন্দুক সহিংসতা বন্ধে ব্যর্থতার জন্য তারা কংগ্রেসকেই দোষারোপ করছে।
প্রায় ৩ হাজার স্কুল বিক্ষোভে অংশ নিচ্ছে। ছাত্র-ছাত্রীদেরকে সকাল ১০ টার দিকেই ১৭ মিনিটের জন্য ক্লাস বন্ধ করে রাস্তায় বেরিয়ে পড়া আর বন্দুক হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান আয়োজকরা।
গত ১৪ ফেব্রুয়ারি ফ্লোরিডায় পার্কল্যান্ডের মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ১৭ জন নিহত হয়। ঘটনার পর আটক ওই স্কুলের সাবেক শিক্ষার্থী নিকোলাস ক্রুজ (১৯) অপরাধ স্বীকার করেন। ক্রুজকে স্কুল থেকে বরখাস্ত করা হয়েছিল।
২০১২ সালের পর যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে ঘটা সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা এটি। যা আবারও দেশটিতে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ নিয়ে বিতর্ক উস্কে দিয়েছে।
বিবিসি জানিয়েছে, বুধবারের বিক্ষোভে ওয়াশিংটনে স্কুলের ছাত্র-ছাত্রীদের একটি বড় দল হোয়াইট হাউজের বাইরে জমায়েত হয়। তাদের হাতে ছিল ‘বন্দুক নয়, মানুষকে সুরক্ষা দিন’, ‘আর কখনো নয়’, “যথেষ্ট হয়েছে,” লেখা প্ল্যাকার্ড।
কিছু ছাত্রছাত্রী জড়ো হয় ক্যাপিটল হিলে। সেখানে তাদের উদ্দেশে বক্তব্য রাখে সিনেট এবং হাউজের ডেমোক্র্যাটিক নেতারা। বন্দুক সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিক্ষোভকারীদেরকে ধন্যবাদ জানান তারা।
নিউ জার্সি এবং নিউ ইয়র্কেও ছাত্রছাত্রীরা বন্দুক সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভে রাস্তায় নেমেছে। নিউ ইয়র্কের গভর্নরও ম্যানহাটনের রাস্তায় বিক্ষোভে সামিল হয়েছেন।
তবে স্কুলের দৈনন্দিন নিয়ম ভঙ্গ করে ছাত্রছাত্রীদের বিক্ষোভে যোগ দেওয়া মেনে নিতে পারেনি কয়েকটি স্কুল। টেক্সাসের একটি এলাকার স্কুলের ছাত্রছাত্রীরা বিক্ষোভে অংশ নেওয়ায় তিনদিনের জন্য তাদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।
