২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রীবাহী বিমান ভূপাতিত করার নির্দেশ দিয়েছিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০১৪ সালে একটি যাত্রীবাহী বিমান গুলি করে ভূপাতিত করার নির্দেশ দিয়েছিলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2018, 10:36 PM

Updated : 08 Apr 2022, 06:02 PM

বিমানটিতে বোমা বহন করা হচ্ছিল এবং সেটি ব্যবহার করে রাশিয়ার সোচিতে ‘২০১৪ শীতকালীন অলিম্পিক’ এর উদ্বোধনী অনুষ্ঠানে  হামলা করা হবে- এমন খবর পেয়ে তিনি ওই আদেশ দেন।

তবে কিছুক্ষণ পরই তিনি খবরটি ভুল জানতে পারার পর বিমানটি আর ভূপাতিত করা হয়নি।

রোববার অনলাইনে পোস্ট করা দুই ঘণ্টার একটি তথ্যচিত্রে পুতিন একথা জানান বলে জানিয়েছে বিবিসি।

তিনি বলেন, “অলিম্পিক গেমস শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে আমাকে বলা হয়েছিল ইউক্রেইন থেকে তুরস্কগামী একটি বিমান ছিনতাই হয়েছে। তবে পরে সেটি ভুল বার্তা ছিল বলে জানতে পারি। তাই বিমানটি আর ভূপাতিত করা হয়নি।”

রাশিয়ায় ১৮ মার্চের প্রেসিডেন্ট নির্বাচনের আগে পুতিনের এ তথ্যচিত্র প্রকাশ পেল। এতে পুতিন ঘটনাটির বিস্তারিত বিবরণ দিয়েছেন।

তিনি বলেন, তাকে বলা হয়েছিল, ছিনতাই হওয়া ইস্তানবুলগামী বিমানটির ছিনতাইকারীরা সোচিতে অবতরণ করতে চাইছে।

বিবিসি’র এক সংবাদদাতা জানান, তুরস্কের পেগাসাস এয়ারলাইন্সের ওই বোয়িং ৭৩৭-৮০০ বিমানের পাইলটরা জানিয়েছিলেন, আরোহী একজনের কাছে বোমা আছে এবং সে বিমানটি সোচিতে নিয়ে যেতে বলছে। বিমানটিতে ১১০ জন যাত্রী ছিল।

তথ্যচিত্রে পুতিন বলেন,  নিরাপত্তা কর্মকর্তারা তাকে বলেছিলেন, এ ধরনের পরিস্থিতিতে বিমানটি ভূপাতিত করা জরুরি।

তিনি বলেন, “আমি তাদের বলেছিলাম, পরিকল্পনা অনুযায়ী কাজ করুন। কিন্তু এর কয়েক মিনিট পরই আরেকটি ফোন আসে এবং বার্তাটি ভুল বলে জানানো হয়।”

এ ঘটনার কিছুক্ষণ পর অলিম্পিক কর্মকর্তাদের নিয়ে সোচির অলিম্পিক স্টেডিয়ামে পৌঁছান পুতিন।