২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলোতে শি জিনপিং বিরোধী পোস্টার

সংবিধান সংশোধনের মাধ্যমে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আজীবন ক্ষমতায় থাকার পথ প্রশস্ত হলেও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা চীনের অনেক নাগরিক এর প্রতিবাদ জানিয়েছেন। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2018, 09:30 PM

Updated : 08 Apr 2022, 06:02 PM

পশ্চিমা কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শি বিরোধীরা চীনা ও ইংরেজি ভাষায় ‘আমার প্রেসিডেন্ট নন’ এবং ‘আমি একমত নই’ লেখা পোস্টার দিয়ে প্রতিবাদ হচ্ছে।

যুক্তরাষ্ট্রের কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত সপ্তাহে এ ধরনের পোস্টার দেখা গেছে। এরপর যুক্তরাজ্য, ফ্রান্স, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়ার এবং কানাডাতেও এ ধরনের প্রতিবাদের খবর এসেছে।

চীনের সংবিধানে এক ব্যক্তির সর্বোচ্চ দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকার বিধান ছিল। ‍সংশোধনের মাধ্যমে ওই বিধান তুলে দেওয়ায় জিনপিংয়ের সামনে অনির্দিষ্টকাল চীনের নেতৃত্বে থাকার সুযোগ তৈরি হয়েছে।

গত রোববার চীনের ‘গ্রেট হল অব দ্য পিপলস পার্লামেন্টের’ বার্ষিক অধিবেশনে সংবিধান সংশোধনের প্রস্তাবের ওপর ভোট হয়। পিপলস কংগ্রেসের প্রায় তিন হাজার প্রতিনিধির মধ্যে দুই হাজার ৯৬৪ জন প্রস্তাবের পক্ষে ভোট দেন। দুই জন প্রস্তাবের বিপক্ষে ভোট দেন এবং তিনজন ভোট দানে বিরত থাকেন।

সংবিধান সংশোধনের প্রস্তাব ওঠার পর গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। পরে যুক্তরাজ্য, ফ্রান্স, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও কানাডায় শি কে আজীবন ক্ষমতায় রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ হয়।

টুইটারে @StopXiJinping নামে একটি একাউন্ট খোলা হয়েছে। সেখানে পোস্টারগুলো ডাউনলোড করার জন্য সেগুলোর লিংক পোস্ট করা হচ্ছে এবং এ প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

ওই একাউন্ট পরিচালকদের একজন বিবিসি’কে বলেন, বিদেশে থাকা চীনা শিক্ষার্থীরা মূলত এই প্রতিবাদ শুরু করেছে। তবে তারা কেউই তাদের পরিচয় জানাতে রাজি নয়। এ বিষয়ে তিনি আর কোনো তথ্য দেননি।

‘অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি’র শিক্ষার্থী উই লেবাও বলেন, সহপাঠীদের সচেতন করতে তিনি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

“আমি তাদের বোঝাতে চাই, চীনে গুরুত্বপূর্ণ বদল আসছে। ক্ষমতায় আসার পর থেকেই শি একনায়কের মত দেশ শাসন করছেন। এখন এই পদক্ষেপ তাকে আরও ক্ষমতাশালী করে তুলবে।”

যদিও অনেক চীনা শিক্ষার্থীর এই প্রতিবাদের বিষয়ে কোনো ধারণা নেই বলেও জানিয়েছে বিবিসি।