২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেপরোয়া হয়ে শুল্কারোপের আদেশে ট্রাম্পের সই

মিত্র দেশগুলোর আপত্তি এমনকি নিজ দলের বিরোধিতারও কোনো পরোয়া না করে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর নতুন শুল্কারোপের আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ পদক্ষেপে বাণিজ্য যুদ্ধ শুরুর আশঙ্কা করা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2018, 06:51 PM

Updated : 08 Apr 2022, 06:01 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসে ইস্পাত ও অ্যালুমিনিয়াম শিল্পখাতের কয়েকজন কর্মী পরিবেষ্টিত হয়ে ট্রাম্প শুল্কারোপের দুটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।

১৫ দিনের মধ্যেই আদেশটি কার্যকর হবে। এর ফলে যু্ক্তরাষ্ট্রে ইস্পাত আমদানির জন্য ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়াম আমদানির জন্য ১০ শতাংশ শুল্ক পরিশোধ করতে হবে। তবে কানাডা ও মেক্সিকোকে আপাতত এর বাইরে রাখা হয়েছে।

আদেশে সইয়ের পর ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষার জন্যই তিনি বিদেশি পণ্য আমদানির ওপর বাণিজ্য শুল্কারোপের এ পদক্ষেপ নিয়েছেন।

তিনি বলেন, “আমরা আমাদের নিজেদের দেশের ইস্পাত এবং অ্যালুমিনিয়াম দিয়ে আমাদের জিনিস তৈরি করতে চাই। বিদেশ থেকে তা আমদানি করা কেবল দেশের জন্য অর্থনৈতিক বিপর্যয়ই নয় এটি নিরাপত্তার জন্যও বিপর্যয়কর।”

কিন্তু ট্রাম্পের এ পদক্ষেপের বিরোধিতা করেছেন ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির অনেক নেতাই। পদত্যাগ করেছেন শীর্ষ অর্থনীতিবিদ। যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারররাও ট্রাম্পের পদক্ষেপের নিন্দা করেছে।

বিশ্বে যুক্তরাষ্ট্রই সবচেয়ে বেশি ইস্পাত আমদানি করে। ট্রাম্পের আদেশের ফলে এ শিল্পের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ কোরিয়া, চীন, জার্মানি, তুরস্ক এবং ব্রাজিল।

চীনের ইস্পাত ও ধাতব শিল্প অ্যাসোসিয়েশন ট্রাম্পের শুল্কারোপের জবাবে যুক্তরাষ্ট্রের আমদানি পন্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে সরকারের কাছে।

জাপান বলেছে, ট্রাম্পের এ পদক্ষেপের ‘অনেক বড় প্রভাব’ পড়বে দুইদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে।

দক্ষিণ কোরিয়া শুল্কারোপের বিষয়টি নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় নালিশ করার হুমকি দিয়েছে।

কানাডা শুল্ক থেকে সাময়িক রেহাই দেওয়ার জন্য ট্রাম্পকে স্বাগত জানালেও বলেছে, তারা শুল্ক বাতিলের জন্য ওয়াশিংটনকে চাপ দিয়ে যাবে।

ইইউ এর বাণিজ্য বিষয়ক কমিশনার বলেছেন, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়ার সুবাদে এ ব্লককে শুল্ক থেকে অব্যাহতি দেওয়া উচিত।

ওদিকে, যুক্তরাজ্য বলেছে, তারা শুল্ক থেকে ছাড় পাওয়ার পথ বের করার জন্য তাদের ইইউ অংশীদারদের সঙ্গে কাজ করে যাবে।