মিশিগানে শ্বেতাঙ্গবাদীদের সমাবেশের আগে মারামারি, গ্রেপ্তার ১২
যুক্তরাষ্ট্রের মিশিগানে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের একটি সমাবেশের আগে মারামারির ঘটনা ঘটেছে।
সোমবার মিশিগান কলেজ ক্যাম্পাসের বাইরে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্যবাদী মার্কিন লেখক, প্রকাশক রিচার্ড স্পেন্সারের সমর্থকদের সঙ্গে প্রতিবাদকারীদের মারামারি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে অন্তত ১২ জনকে গ্রেপ্তার করেছে।
ওইদিন মিশিগান কলেজ ক্যাম্পাসে স্পেন্সারের বক্তৃতা দেওয়ার কথা ছিল।
যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে স্পেন্সারের সংগঠন ন্যাশনাল পিলিসি ইনিস্টিটিউটের ডিরেক্টর অব অপারেশন্স গ্রেগরি কোনটে রয়েছেন বলে জানিয়েছেন দলটির নির্বাহী পরিচালক ইভান ম্যাকল্যারেন।
ইস্ট লানসিং এর রাস্তা ধরে স্পেন্সারের প্রায় ৪০ জন সমর্থক মিশিগান স্টেট ইউনিভার্সিটির দিকে যাওয়ার সময় প্রতিবাদকারীদের সঙ্গে তাদের ঘুষাঘুসি শুরু হয়।
ওই সময় সেখানে জড়ো হওয়া প্রায় ৫০০ প্রতিবাদকারী পুলিশের একটি সাঁজোয়া যানকে ঘিরে রেখেছিলেন।
মারামারি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই দাঙ্গা পুলিশ কোন্দল থামাতে কাজে নেমে পড়ে এবং ছয় থেকে সাত জনের হাতে হ্যান্ডকাফ পড়িয়ে তাদের সরিয়ে নিয়ে যায়। পরে দুপক্ষের দাঙ্গা ঠেকাতে রাস্তায় পাশে একটি লাইন করে দাঁড়িয়ে থাকে তারা।
কিন্তু তারপরও ক্যাম্পাসের বাইরে দুপক্ষের মধ্যে বিক্ষিপ্ত মারামারি চলতে থাকে। এ সময় ক্যাম্পাসের ভিতরে স্পেন্সারের ভাষণ শুনতে আসা লোকজনকে পাহারা দিয়ে রাখেন পুলিশ কর্মকর্তারা।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
মিশিগান রাজ্য পুলিশের মুখপাত্র জানিয়েছেন, তারা ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন; কিন্তু কতোজনকে আটক বা গ্রেপ্তার করেছেন তা জানাননি তিনি।
