২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা জাতীয় পরিষদের বার্ষিক সভা শুরু, ‌'আজীবন ক্ষমতার' পথে শি

চীনের জাতীয় পরিষদ ও শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা পরিষদের বার্ষিক সভা ‌বেইজিংয়ে শুরু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2018, 03:02 PM

Updated : 08 Apr 2022, 06:00 PM

চলতি বছর দেশটির জাতীয় পরিষদ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ক্ষমতা অনেকখানি বাড়াবে এ ধারণার মধ্যেই এই দুই অধিবেশনকে রাজনৈতিক অঙ্গনে অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

চীনা প্রেসিডেন্টদের দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে না পারার বিধানটি তুলে দিতে জাতীয় পরিষদে সংবিধান সংশোধনের প্রস্তাব অনুমোদিত হবে বলেও খবর বিবিসির।

এর মাধ্যমে শি জিনপিং আজীবন ক্ষমতায় থাকার সুযোগ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে; যিনি ‘শি জিনপিংয়ের চিন্তা’ হিসেবে পরিচিতি পাওয়া তার নতুন মতাদর্শ অনুযায়ী চীনকে নেতৃত্ব দিচ্ছেন। 

চীনের জাতীয় পরিষদ, ন্যাশনাল পিপলস কংগ্রেসই (এনপিসি) দেশটির পার্লামেন্টের দায়িত্ব পালন করে আসছে। এটিই রাষ্ট্রটির সবচেয়ে শক্তিশালী অঙ্গ।

চলতি বছর চীনের বিভিন্ন প্রদেশ, স্বায়ত্তশাসিত এলাকা, কেন্দ্রশাসিত মিউনিসিপিাল, হংকং ও ম্যাকাউ'র মতো বিশেষ এলাকা ও সেনাবাহিনীর দুই হাজার ৯৮০জন প্রতিনিধির এনপিসির বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।  

এর মধ্যে ৭৪২ জনই নারী, যা মোট প্রতিনিধির ২৫ শতাংশ। এ সংখ্যা গত বছরের বার্ষিক সভার তুলনায় অনেক বেশি। এবারের এনপিসিতে সংখ্যালঘু সম্প্রদায়ের ৪৩৮ জন ডেপুটি বা প্রতিনিধি অংশ নেবেন বলেও বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

এনপিসির আগেই শুরু হয়েছে চীনা পিপলস পলিটিকাল কনসালটেটিভ কনফারেন্সের (সিপিপিসিসি) সভা। পার্লামেন্টের উচ্চকক্ষের মতো ভূমিকা পালন করা সিপিপিসিসি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই। সিপিপিসিসির পরামর্শে সিদ্ধান্ত নেয় জাতীয় পরিষদ। 

বিনোদন জগত, ক্রীড়া, বিজ্ঞান, বাণিজ্য ও অন্যান্য দলের প্রতিনিধিসহ শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা পরিষদ সিপিপিসিসির বর্তমান সদস্য দুই হাজার ১৫৮ জন। শনিবার এ পরিষদের সভা শুরু হয়। এনপিসির সভা শুরু হয়েছে সোমবার।

ঐতিহ্য অনুযায়ী উভয় পর্ষদের এই ‘দুই অধিবেশন’ এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়।

গত বছরের অক্টোবরে চীনের কমিউনিস্ট পার্টির কংগ্রেসে গণচীনের প্রতিষ্ঠাকালীন নেতা মাও জে দং এর মতো শি জিনপিংকে অভূতপূর্ব ক্ষমতা দেওয়ার পর এবারের এনপিসি ও সিপিপিসিসির বৈঠককে বেশ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

চলতি বছর চীনের ‘সংস্কার ও খোলা নীতির’ ৪০ বছর পূর্তি হওয়ায় পর্ষদগুলোর বৈঠকে অর্থনৈতিক সংস্কার নিয়েও আলোচনা হওয়ার কথা।

সাম্প্রতিক সময়ে দুর্নীতি ও পরিবেশ সুরক্ষা নিয় প্রেসিডেন্ট জিনপিং বেশ সোচ্চার। এ কারণে এনপিসি এবার শক্তিশালী একটি দুর্নীতিদমন কমিশন আইনেরও অনুমোদন দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।