সিরিয়ায় মানবিক যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
সিরিয়ার পূর্ব গৌতায় প্রতিদিন ৫ ঘণ্টার জন্য মানবিক যুদ্ধবিরতি কার্যকরের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু পুতিনের এ আদেশের কথা জানিয়ে এক ঘোষণায় বলেছেন, “প্রতিদিন স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত যুদ্ধবিরতি চলবে।”
তবে সিরিয়া সরকার কিংবা তাদের অন্যান্য মিত্র বাহিনী ৫ ঘণ্টার এ যুদ্ধবিরতি মেনে চলতে রাজি হয়েছে কিনা তা বলেননি শোইগু।
বিবিসি জানায়, মঙ্গলবার থেকেই এ যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা রয়েছে। আর বিরতির এ সময়ে বেসামরিক নাগরিকদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দিতে ‘হিউম্যানিটারিয়ান করিডর’ও স্থাপন করা হবে।
সিরিয়ার সরকারি বাহিনী তাদের রুশ মিত্রদের সহায়তায় গত এক সপ্তাহের বেশি সময় ধরে রাজধানী দামেস্কের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব গৌতায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে।
হামলায় অন্তত সাড়ে পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ সংগঠন ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।
ত্রাণ সহায়তা পৌঁছানো এবং অসুস্থ ও আহতদের সরিয়ে নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এলাকাটিতে ৩০ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব শনিবার অনুমোদন করেছে। কিন্তু তারপরও সেখানে বিমান হামলা চলছে।
রোববার ফ্রান্স এবং জার্মানি যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য সিরিয়া সরকারকে চাপ দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানায়।
জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানিয়ে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদকে বলেছেন, “পূর্ব গৌতা আর অপেক্ষায় থাকতে পারে না। পৃথিবীতে এ নারকীয় তান্ডব অবসানের মোক্ষম সময় এখনই।”
