উ. কোরিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত: যুক্তরাষ্ট্র
পরমাণু প্রকল্প নিয়ে চাপ অব্যাহত রাখলেও উত্তর কোরিয়ার সঙ্গে শেষমেশ আলোচনার প্রস্তুতি নিয়ে ফেলার কথা ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ পত্রিকাকে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের আভাস দিলেন তিনি।
পেন্সের সাক্ষাৎকার নিয়ে পত্রিকাটি জানিয়েছে, তিনি ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা শুরুর বিষয়ে একমত হয়েছেন। প্রথমে সিউল এবং তারপর যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার সরাসরি আলোচনার পথে এগুনো নিয়ে দুইজনের মধ্যে মতৈক্য হয়েছে।
পিয়ংচ্যাংয়ে শীলকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে গত শুক্রবার দক্ষিণ কোরিয়া যান পেন্স। সেখানেই মুনের সঙ্গে তার আলোচনা হয়। সেখান থেকে ফেরার পথে ‘ওয়াশিংটন পোস্ট’এর সঙ্গে কথা বলেন পেন্স।
তিনি বলেন, “যতক্ষণ পর্যন্ত ওই অঞ্চলে আমাদের মিত্ররা অপারমাণবিকীকরণের পথে উত্তর কোরিয়ার অর্থপূর্ণ পদক্ষেপের বিষয়ে নিশ্চিত হতে না পারবে ততক্ষণ পর্যন্ত দেশটির উপর চাপ অব্যাহত থাকবে।”
“তাই সর্বোচ্চ চাপের রাখার যে কৌশল অবলম্বন করা হয়েছে তা অব্যাহত থাকবে। কিন্তু যদি তারা আলোচনা করতে চায়, আমরা আলোচনায় বসতে প্রস্তুত আছি।”
তবে উত্তর কোরিয়া ঠিক কি করলে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে পেন্স বলেন, “আমি তা জানি না।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এর আগে আলোচনায় বসার জন্য উত্তর কোরিয়াকে প্রথমেই পারমাণবিক অস্ত্র পরিহার করা নিয়ে আলোচনায় রাজি হওয়ার শর্ত দিয়েছিল। কিন্তু পেন্স এখন যা বলছেন তাতে ওই অবস্থান থেকে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সরে আসারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
পেন্স আলোচনায় প্রস্তুত থাকার কথা জানানোর পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, উত্তর কোরিয়া কখন আলোচনা করতে প্রস্তুত থাকবে সে সিদ্ধান্ত নেওয়ার ভার এখন তাদেরই। তারা কখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তরিক এবং অর্থবহভাবে আলোচনায় বসতে চাইবে সে সিদ্ধান্ত নেওয়াটা তাদের ব্যাপার।
তবে উত্তর কোরিয়াকে “অবশ্যই আন্তরিকতা দেখাতে হবে” বলে টিলারসন উল্লেখ করেন।
মিশরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আলোচনার টেবিলে কি বিষয় থাকবে তা তারা জানে। কোনোরকম আলোচনা হতে গেলে তার আগে কিছু প্রস্তুতিমূলক আলোচনা হওয়া দরকার। তাতে বোঝা যাবে উভয়পক্ষ আসলেই অর্থবহ আলোচনায় প্রস্তুত কিনা।”
শীতকালীন অলিম্পিককে ঘিরে এরই মধ্যে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। উত্তরের নেতার কাছ থেকে পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ পেয়েছেন দক্ষিণ কোরিয়ার নেতা। ফলে দুই পক্ষে আলোচনার সম্ভাবনাও উজ্জ্বল হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রণালয় সোমবার বলেছে, আন্তর্জাতিক অংশীদারদের সমর্থন ও সহযোগিতায় দুই কোরিয়া আলোচনার নেতৃত্ব দেবে।
গত বছর ডিসেম্বরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত শীলকালীন অলিম্পিকে দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেন।
এতে দক্ষিণ কোরিয়ার ইতিবাচক সাড়ার পর থেকে দুই বৈরী প্রতিবেশীর মধ্যে এক দশকের বেশি সময় ধরে চলা সম্পর্কের বরফ গলছে।
পিয়ংচ্যাংয়ে প্রতিনিধি পাঠানো নিয়ে দুই দেশের শীর্ষপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে কয়েক দফা বৈঠকও হয়।
অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার দক্ষিণ কোরিয়া যান কিমের ছোটবোন কিম ইয়ো-জং এবং উত্তর কোরিয়ার অলঙ্কারিক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং-ন্যাম।
সেখানে ইয়ো-জং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুনের সঙ্গে দেখা করেন এবং তার হাতে ভাই কিমের পক্ষ থেকে পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ পত্র তুলে দেন।
মুন ওই আমন্ত্রণে সাড়া দিলে সেটি এক দশকেরও বেশি সময় পর দুই কোরিয়ার নেতাদের মধ্যে হওয়া প্রথম শীর্ষ সম্মেলন হবে।
