২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে সেনা ক্যাম্পে হামলায় নিহত ২

ভারতের জম্মু ও কাশ্মিরের সানজুরান সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় অন্তত দুই সেনা কর্মকর্তা নিহত এবং শিশু ও নারীসহ সাতজন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2018, 03:11 PM

Updated : 08 Apr 2022, 05:53 PM

জম্মু পুলিশের মহাপরিচালক এস.ডি. সিং জামওয়াল বলেন, শনিবার ভোর ৫টার দিকে একজন গার্ড সন্দেহজনক নড়াচড়া দেখতে পেয়ে বিষয়টি বোঝার চেষ্টার মধ্যেই তার বাঙ্কার লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু হয়।

সন্ত্রাসীদের ধরতে দুপুর পর্যন্তও সেখানে অভিযান চলছিল বলেও জানান তিনি।

বলেন, “কতজন সন্ত্রাসী হামলা চালিয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। জম্মু ও কাশ্মিরে হামলা হতে পারে এমন গোয়েন্দা তথ্য থাকায় ক্যাম্পের প্রবেশপথগুলোতে কড়া নিরাপত্তা ছিল।”

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেন, তিন থেকে চারজন সন্ত্রাসী এ হামলা চালিয়েছেন। সেনাবাহিনীর অন্তত দুই জুনিয়র কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া সেনা পরিবারের দুই শিশু ও দুই নারীসহ সাতজন আহত হয়েছে।

হামলার পর সেনা ক্যাম্পের পাঁচশ মিটারের মধ্যে থাকা একটি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

পুলিশের ধারণা, জাইশ-ই-মোহাম্মদ এর আত্মঘাতী দল এ হামলা চালিয়েছে।