আইএস 'বিটলস’ চক্রের দুই ব্রিটিশ জঙ্গি আটক
পশ্চিমা জিম্মিদের নির্যাতন এবং হত্যার জন্য কুখ্যাত দুই ব্রিটিশ আইএস জঙ্গিকে ধরেছে সিরিয়ার কুর্দি যোদ্ধারা।
‘বিটলস’ নামে পরিচিত চার আইএস ব্রিটিশ জঙ্গির একটি দলের ধরা পড়া শেষ দুই সদস্য এরা। একজনের নাম অ্যালেক্স্যান্ডা কোটে এবং অপরজন হচ্ছে, এল শাফি এলশেইখ।
মার্কিন কর্মকর্তারা তাদের ধরা পড়ার খবর জানিয়েছেন। খবরটি প্রথম প্রকাশ করেছে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকা।
সিরিয়ার পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্র-সমর্থিত বিদ্রোহী বাহিনী সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস ওই দুই জঙ্গিকে জানুয়ারিতে আটক করেছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, “ইসলামিক স্টেট (আইএস) এর হাতে জিম্মি পশ্চিমাদের রক্ষী এবং দোভাষী হিসাবে এ দুইজন কাজ করত এবং ব্রিটিশ সন্ত্রাসী জিহাদি জনের সঙ্গে তাদের যোগাযোগ ছিল বলে ধারণা করা হয়।”
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিভাগ গত বছর জানুয়ারিতে অ্যালেক্স্যান্ডা কোটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তাদের ভাষ্য, কোটে ছিলেন ‘বিটলস’ চক্রের গার্ড এবং আইএস এর এক্সিকিউশন সেলের সদস্য। এই সেল বহু পশ্চিমা বন্দির শিরশ্ছেদ করেছে। নৃশংস অত্যাচার করেছে আরো অনেক বন্দিকে।
তাছাড়া, বন্দিদেরকে কঠোর নির্যাতনের জন্য কুখ্যাতি অর্জন করা এলশেইখ এর ওপরও মার্কিন পররাষ্ট্রবিভাগ একই সময়ে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
এখন তারা ধরা পড়ার পর কি অবস্থায় তাদেরকে রাখা হয়েছে বা তাদের ভাগ্যে কি ঘটবে সে ব্যাপারে কর্মকর্তারা বিস্তারিত কিছু জানাননি।
‘বিটলস’ চক্রের অন্য দুই সদস্যের একজন হচ্ছেন, মোহাম্মদ এমওয়াজি ওরফে ‘জিহাদি জন’।তার হাতে বেশ কয়েকজন পশ্চিমার শিরশ্ছেদ ঘটেছে। ২০১৫ সালে সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশনের ড্রোন হামলায় জন নিহত হন।
আর বিটলসের চতুর্থ সদস্য হচ্ছেন অ্যানি ডাভিস। তুরস্কে তাকে আটক রাখা হয়েছে।
