২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ. কোরিয়া ‘কয়েক মাসেই’ যুক্তরাষ্ট্রে হামলায় সক্ষম হয়ে উঠবে

উত্তর কোরিয়া আর মাত্র ‘কয়েক মাসের মধ্যেই’ যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্রের আঘাত হানতে সক্ষম হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এক মার্কিন দূত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Feb 2018, 09:09 PM

Updated : 08 Apr 2022, 05:52 PM

জেনেভায় জাতিসংঘের উদ্যোগে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ নিয়ে এক সম্মেলনে মঙ্গলবার এ আশঙ্কার কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের দূত রবার্ট উড বলেন, “তাদেরকে (উত্তর কোরিয়া) নিরস্ত্র করতেই হবে।”

তিনি বলেন, “উত্তর কোরিয়া উস্কানিমূলকভাবে পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়িয়ে যুক্তরাষ্ট্র এবং ওই অঞ্চলে আমাদের মিত্রদের স্পষ্ট হুমকি দিয়ে যাচ্ছে।”

“পরমাণু অস্ত্র উন্নয়ন থেকে সরে না আসার কথা উত্তর কোরিয়ার কর্মকর্তারা জোর দিয়েই বলেছেন এবং খুব সম্ভবত দেশটি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম পরমাণু অস্ত্র বহনকারী ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলা থেকে মাত্র কয়েক মাস দূরে।”

কিসের উপর ভিত্তি করে এমন কথা বলছেন জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “জানানোর মত নতুন কোনো তথ্য নেই।”

গত বছর জুলাইয়ে উত্তর কোরিয়া তাদের প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হোয়াসং-১৪ এর পরীক্ষা চালায়। নভেম্বরে পরীক্ষা চালানো হোয়াসং-১৫ যুক্তরাষ্ট্রের মূলভূখণ্ডে আঘাত হানতে সক্ষম বলে ধারণা বিশেষজ্ঞদের।