২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিবাসী, দর্শণার্থীদের জন্য যাচাই-বাছাই কেন্দ্র খুলছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অভিবাসী ও দর্শণার্থীদের যাচাই-বাছাইয়ের জন্য শিগগিরই ‘ন্যাশনাল ভেটিং সেন্টার’ স্থাপন করতে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2018, 09:40 PM

Updated : 08 Apr 2022, 05:52 PM

মঙ্গলবারই ট্রাম্প এ সংক্রান্ত একটি স্মারকলিপি সই করতে পারেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

স্মারকলিপিটি সই হলে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এবং এ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলোকে আগামী ছয় মাসের মধ্যে ‘ন্যাশনাল ভেটিং সেন্টার’ স্থাপন করতে হবে বলে এক খবরে জানিয়েছে সিএনএন।

প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, আরো কার্যকরভাবে যাচাই-বাছাই করা এবং বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার মধ্যে তথ্যপ্রবাহে আরো গতি সঞ্চার করার উদ্দেশ্য নিয়েই এ কেন্দ্র খোলা হবে।

তবে এ জন্য নতুন কোনো কর্তৃপক্ষ গঠন করা হবে না বা কেন্দ্রটি স্থাপনের জন্য নতুন তহবিলও আহ্বান করা হবে না। ডিএইচএস, বিচার বিভাগ, পররাষ্ট্র বিভাগ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো এ কেন্দ্রের জন্য যৌথভাবে কাজ করবে।

তবে নতুন ভেটিং সেন্টারে যুক্তরাষ্ট্র ভ্রমণে যাওয়া ব্যক্তি বা অভিবাসীদের তথ্য যাচাইয়ে ভিন্ন কি ব্যবস্থা নেওয়া হবে সেটি এখনো স্পষ্ট করে জানাননি কর্মকর্তারা।

ট্রাম্প ২০১৬ সালে নির্বাচনের আগেই কঠোর যাচাই-বাছাইয়ের পরই কেবল যুক্তরাষ্ট্রে অভিবাসীদের প্রবেশ করতে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

এরপর গতবছর নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অভিবাসীদের যাচাই বাছাই প্রক্রিয়া আরও কঠোর করার ঘোষণা দেন ট্রাম্প। বিষয়টি নিয়ে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টকেও নির্দেশ দিয়েছিলেন তিনি।