জম্মু ও কাশ্মিরে কর্মকর্তাসহ ৪ ভারতীয় সৈন্য নিহত
ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের রাজৌরি জেলায় সেনাবাহিনীর এক ক্যাপ্টেনসহ চার ভারতীয় সৈন্য নিহত ও অপর একজন আহত হয়েছেন।
জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার অপর দিক থেকে পাকিস্তানি বাহিনীর ছোড়া গোলায় এরা হতাহত হয়েছেন বলে দাবি ভারতীয় পক্ষের।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরে নিয়ন্ত্রণ রেখা বরাবর জম্মু ও কাশ্মিরের পুঞ্চ ও রাজৌরি জেলায় ভারতীয় সামরিক বাহিনীর চৌকি লক্ষ্য করে পাকিস্তানি বাহিনী তীব্র গোলাবর্ষণ করে অস্ত্রবিরতি লঙ্ঘন করে।
পাকিস্তানি গোলার আঘাতে পুঞ্চে এক কিশোরি ও এক সৈন্য আহত হন। অপরদিকে রাজৌরিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন কপিল কুন্ডুসহ (২২) আরো তিন সৈন্য নিহত হয়েছেন।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানি গোলাবর্ষণের ‘যথাযথ জবাব’ দিচ্ছে তারা।
পাকিস্তানিরা ‘বিনা উস্কানিতে হাল্কা অস্ত্র, স্বংয়ক্রিয় অস্ত্র, মর্টার ও ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করে গোলাবর্ষণ করছে বলে দাবি ভারতীয় বাহিনীর।
এ নিয়ে গত তিনদিনের মধ্যে পাকিস্তানি সেনাবাহিনী দ্বিতীয়বারের মতো পুঞ্চে স্বয়ংক্রিয় অস্ত্র ও মর্টার ব্যবহার করে হামলা চালিয়েছে বলে অভিযোগ ভারতীয় পক্ষের। হামলায় সামরিক লক্ষ্যস্থলের পাশাপাশি বেসামরিক স্থাপনাকেও লক্ষ্যস্থল করা হয়েছে বলে অভিযোগ তাদের।
এর আগে ১৮ থেকে ২২ জানুয়ারির মধ্যে পাকিস্তানি বাহিনীর গোলাগুলি বর্ষণে জম্মুতে অন্তত আট বেসামরিক ও ভারতীয় নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছিল; ওই সময় আরো ৬০ জনেরও বেশি আহত এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় ও পুড়ে যায় বলে জানিয়েছে এনডিটিভি।
