২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগের প্রশাসনের চেয়ে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক সুদৃঢ়: মেক্সিকো

যুক্তরাষ্ট্রের আগের সব প্রশাসনের চেয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক বেশি দৃঢ়। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিদেগারে একথা বলেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Feb 2018, 08:06 PM

Updated : 08 Apr 2022, 05:51 PM

শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানিয়েছেন।

মেক্সিকোর শীর্ষ এ কূটনীতিক বলেন, “অনেক ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান সম্পর্ক আগের মার্কিন প্রশাসনগুলোর চেয়ে অনেক বেশি গভীর ও ঘনিষ্ঠ বলে আমি মনে করি। এটি হয়ত অনেককেই অবাক করতে পারে, কিন্তু এটিই জীবনের বাস্তবতা।”

মেক্সিকো সিটিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিসটিয়া ফ্রিল্যান্ডের উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকোর সম্পর্ক নিয়ে কথাগুলো বলেন ভিদেগারে।

তিনি বলেন, “আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে পার্থক্য আছে। প্রত্যেক দেশের মধ্যেই এমনটি আছে। কিন্তু তারপরও আমরা খুব কাছাকাছি থেকে কাজ করে যাচ্ছি। আমরা ভবিষ্যতের দিকে চেয়ে আছি।”