৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে পাকিস্তানে এক শিশুর মৃত্যু
হিন্দুকুশে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রকম্পিত হয়েছে দিল্লিসহ গোটা উত্তর ভারত, আফগানিস্তান এবং পাকিস্তানও।
ভূকম্পনে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মাটির তৈরি একটি বাড়ি ধসে একটি মেয়ে শিশু মারা গেছে এবং ওই পরিবারের আরো ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন জেলা কর্মকর্তা শাব্বির মেগনাল।
তবে আফগানিস্তানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যানুযায়ী, বুধবার আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালার জার্মে এলাকার কাছে ভূপৃষ্ঠের ১৯০ কিলোমিটার গভীরে।
২০১৫ সালে ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্পে এ এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ভূমিকম্প এলাকার অধিকাংশ ভবনগুলো ধসে পড়েছিল এবং ভয়াবহ ভূমিধসের কারণ হয়েছিল। এতে এলাকাটির ৩৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল।
কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পটি জম্মু ও কাশ্মিরে ব্যাপকভাবে অনুভূত হয়েছে বলে এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে। পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানাতেও কম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্পে ভারতের রাজধানীর বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। ভয়ার্ত লোকজন ঘরবাড়ি, দোকান ও অফিস ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন।
শহরের টেলিভিশন স্টুডিওগুলোও কেঁপে ওঠে এবং দিল্লি মেট্রো রেল অল্প সময়ের জন্য বন্ধ থাকে।
ইউরেশিয়ান ও ইন্ডিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে কাছে অবস্থিত হওয়ায় আফগানিস্তানের হিন্দুকুশ এলাকায় প্রায়ই ভূমিকম্প হয়।
