২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় বিক্ষোভ চলাকালে বিরোধীদলীয় নেতা নাভালনি গ্রেপ্তার

রাশিয়াজুড়ে বিক্ষোভ চলার মধ্যে গ্রেপ্তার হয়েছেন বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2018, 08:55 PM

Updated : 08 Apr 2022, 05:49 PM

রোববার মস্কোয় প্রেসিডেন্ট নির্বাচন বয়কটের সমর্থনে আয়োজিত সমাবেশে যোগ দেওয়ার পর তাকে আটক করে পুলিশ।

রুশ ভাষায় এক টুইটে নাভালনি নিজেই তার আটক হওয়ার খবর জানিয়েছেন এবং সমর্থকদেরকে রাশিয়াজুড়ে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

পুলিশ নাভালনিকে আটক করার আগে তার মস্কো কার্যালয়ে তল্লাশি চালিয়ে কিছু জিনিসও জব্দ করেছে বলে খবর পাওয়া গেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক নাভালনিকে ১৮ মার্চের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন।

দুর্নীতি মামলায় নাভালনি দোষী সাব্যস্ত হয়েছেন অভিযোগে কমিশন তাকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য ঘোষণা করেছে।

ইউটিউবে পোস্ট করা একটি ভিডিও ফুটেজে নাভালনিকে জোর করে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যেতে দেখা গেছে। এক টুইটে নাভালনি লিখেছেন, “প্রতিবাদী অগণিত মানুষ থাকতে একজনকে আটক করার কোনো মানেই হয় না। এ শূন্যস্থান কেউ না কেউ পূরণ করে দেবে।”

মস্কো পুলিশ জানিয়েছে, নাভালনিকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে অবৈধভাবে বিক্ষোভ আয়োজনের অভিযোগ আনা হবে। দোষী সাব্যস্ত হলে তাকে ৩০ দিন আটক রাখা এবং জরিমানা করা হতে পারে।