মেক্সিকো সীমান্তে নারী উবার চালককে গুলি করে হত্যা
মেক্সিকোর সীমান্ত শহরর তিজুয়ানায় এক নারী উবার চালককে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে ২১ বছর বয়সী কার্লা গারুফের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয় বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গারুফের গাড়িটি অন্য এক গাড়িকে পেছন থেকে ধাক্কা দেওয়ার পর দুই চালকের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে অন্য গাড়িটির চালক কার্লাকে গুলি করে পালিয়ে যান।
শুক্রবার পর্যন্ত সন্দেহভাজন খুনিকে আটক করা যায়নি বলে ঘটনার তদন্তে নিয়োজিত দলের মুখপাত্র মিগুয়েল অ্যাঞ্জেল গেরেরা জানিয়েছেন।
‘দুর্ভাগ্যজনক’ এ ঘটনায় সহানুভূতি প্রকাশ করে রাইড শেয়ারিং অ্যাপ উবার এ ব্যাপারে মেক্সিকান কর্তৃপক্ষকে সহায়তা করার ঘোষণা দিয়েছে। ঘটনার সময় গারুফ অ্যাপে ‘কানেক্টেড’ ছিলেন না বলেও দাবি করেছে তারা।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া কাছে মেক্সিকোর এ সীমান্ত শহরটি সহিংসতার জন্য খ্যাত; গত বছরও এখানে খুনের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
