ট্রাম্পের প্রাচীরের জন্য তহবিল প্রস্তাব প্রত্যাহার ডেমোক্র্যাটদের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেক্সিকো সীমান্ত প্রাচীর নির্মাণের জন্য অর্থায়নের প্রস্তাব প্রত্যাহার করেছে ডেমোক্র্যাটিক পার্টি।
শিশু বয়সে অবৈধ অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের (যারা ড্রিমার্স নামে পরিচিত) ভবিষ্যৎ নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের চুক্তির মধ্য দিয়ে সরকারে অচলাবস্থা অবসানের পরদিনই ফের সিনেটে এ সংকট দেখা দিল।
প্রাচীরের জন্য তহবিল প্রস্তাব প্রত্যাখ্যানের কারণ হিসাবে সিনেট ডেমোক্র্যাট নেতা চাক স্চুমার বলেছেন, গত শুক্রবারের বৈঠকে দেওয়া প্রস্তাব অনুযায়ী ট্রাম্পের কাজ চালিয়ে যেতে ব্যর্থতার কারণেই ওই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি সাংবাদিকদের বলেন, “সুতরাং, আমাদেরকে আবার নতুন একটি ভিত্তির ওপর কাজ শুরু করতে হবে। ফলে প্রাচীরের প্রস্তাবটি এখন তুলে নেওয়া হয়েছে। এটা নিয়ে আর আলোচনা হবে না।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, রোববার প্রস্তাবটি প্রত্যাহার করা হয়।
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প বলেছিলেন, মেক্সিকো প্রাচীর নির্মাণের ব্যয় মেক্সিকোই দেবে। কিন্তু মেক্সিকো দেওয়াল তোলার খরচ দিতে অস্বীকৃতি জানায়।
ফলে ট্রাম্প পরবর্তীতে কংগ্রেসের কাছে দেওয়াল তৈরির খরচ চাইতে বাধ্য হন। সরকারের হিসাব অনুযায়ী ওই দেওয়াল তুলতে ২১শ’ কোটি ডলার খরচ হতে পারে।
এ খরচ যোগাতে ট্রাম্পকে কংগ্রেসের অনুমোদন পেতে হবে।
