২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেপণাস্ত্র হামলার ভুল সতর্কতা জারি, হাওয়াইজুড়ে আতঙ্ক

ক্ষেপণাস্ত্র হামলা হতে যাচ্ছে, ভুল করে এমন সতর্ক বার্তা জারির পর যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2018, 10:13 AM

Updated : 11 Oct 2022, 12:00 PM

হাওয়াইয়ের স্থানীয় সময় শনিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

ওই সকালে মোবাইল ফোন ব্যবহারকারীরা একটি বার্তা পান, এতে লেখা ছিল: “ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকির মুখে হাওয়াই। এখনই নিরাপদ আশ্রয়ে চলে যান। এটি কোনো অনুশীলন নয়।”

ভুল এই সতর্ক বার্তাটি লোকজনের মোবাইল ফোনে পাঠানোর পাশাপাশি টেলিভিশন ও রেডিওতে সম্প্রচার করা হয়।

স্থানীয় সময় সকাল ৮টা ৭ মিনিটে বার্তাটি মোবাইল ফোনে আসে, বার্তাটির অক্ষরগুলো সব বড় হাতে লেখা ছিল।

পরে এক ঘোষণায় সতর্ক বার্তাটি ভুল করে পাঠানো হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ, এতে হাওয়াইবাসীর মধ্যে স্বস্থি ফিরে আসে।

দ্য হনলুলু স্টার-অ্যাডভাটাইজার জানিয়েছে, ১৮ মিনিট পর ইমেইল পাঠিয়ে বার্তাটি সংশোধন করা হয়, কিন্তু ৩৮ মিনিট পর্যন্ত মোবাইলে কোনো সংশোধনী পাঠানো হয়নি।

ঘটনার জন্য অঙ্গরাজ্যের গভর্নর ডেভিড আইজি ক্ষমা প্রার্থনা করেন এবং জানান, এক কর্মী ভুল বাটনে চাপ দিয়ে দেওয়ায় ঘটনাটি ঘটেছে।

এ ঘটনার পূর্ণ তদন্ত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে থাকায় হাওয়াইয়ের জন্য সতর্কতা জারির এই ব্যবস্থা প্রস্তুত করে রাখা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

তথাকথিত ‘ঠাণ্ডা লড়াই’ শেষ হওয়ার পর থেকে ডিসেম্বরে প্রথমবারের মতো নিজেদের পারমাণবিক সতর্কতা জারির সাইরেন পরীক্ষা করেছিল হাওয়াই।