২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুদ্ধ আসছে’, সৈন্যদের বললেন শীর্ষ মার্কিন জেনারেল

বড় ধরণের যুদ্ধের ভবিষ্যদ্বাণী করে তার জন্য সেনাসদস্যদের প্রস্তুতি নিতে বলেছেন মার্কিন মেরিন কোরের শীর্ষ কর্মকর্তা জেনারেল রবার্ট নেলার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2017, 03:28 PM

Updated : 12 Apr 2022, 12:58 AM

বৃহস্পতিবার নরওয়েতে অবস্থানরত তিনশ মেরিন সেনার উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি ‘বৃহত্তম যুদ্ধের’ এ সতর্কবার্তা দেন বলে মিলিটারি ডটকম জানিয়েছে, খবর এনডিটিভির।

“আশা করছি আমি ভুল, তবে একটি যুদ্ধ আসছে। আপনারা এখানে আপনাদের উপস্থিতির মধ্য দিয়ে যুদ্ধের মধ্যেই আছেন, তথ্য যুদ্ধে, রাজনৈতিক যুদ্ধে,” বলেন তিনি।

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের সদস্য ও মার্কিন মেরিন বাহিনীর শীর্ষ কমান্ডার জেনারেল নেলার নরওয়ের রাজধানী অসলো থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে ট্রোনহাইম শহরের কাছে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি সফরে গিয়ে একথা বলেন।

নেলার সৈন্যদের অস্থিরতা কবলিত মধ্যপ্রাচ্যের পাশাপাশি রাশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় নজর রাখার তাগিদ দিয়েছেন বলে ধারণা মিলিটারি ডটকমের।

জেনারেল নেলারের পাশাপাশি মার্কিন মেরিনের অন্যান্য কমান্ডাররাও মেরিন সেনাদের শান্তিকালীন মিশনের বদলে ‘অন্য পরিস্থিতির’ জন্য প্রস্তুতি নিতে বলেছেন।

“মনে রাখবেন কেন আপনারা এখানে? তারা দেখছে। যেমন করে আপনারা তাদের দেখছেন, তারাও দেখছে। এখানে আমাদের তিনশ মেরিন আছে, এক রাতের মধ্যেই তিনশ থেকে তিন হাজার করে ফেলতে পারি আমরা; যেন আমরা প্রতিকূলতার মাত্রা বাড়াতে পারি,” সৈন্যদের উদ্দেশ্যে বলেন মার্কিন বাহিনীটির তৃতীয় শীর্ষ কর্মকর্তা সার্জেন্ট মেজর রোনাল্ড গ্রিন।

পেন্টাগনের অন্যতম জ্যেষ্ঠ কর্মকর্তা নেলারের বক্তব্য সত্যিকারের কোনো যুদ্ধের ইঙ্গিত, নাকি ‘বড়দিনের ছুটির আগে দেশের বাইরে থাকা সৈন্যদের গা গরমের জন্য বলা’ তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে মিলিটারি ডটকম ।

বিষয়টি জানার জন্য শনিবার নেলারের এক মুখপাত্রের কাছে ইমেইল প্রশ্ন পাঠানো হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেননি তিনি।