উত্তর কোরিয়া নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক ডিসেম্বরে
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ।
দুটি আলাদা বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর মন্ত্রীরা এসব বিষয়ে আলোচনা করবেন বলে জাতিসংঘে জাপানের রাষ্ট্রদূত কোরো বেশো জানিয়েছেন।
১৫ সদস্য বিশিষ্ট পরিষদের চলতি মাসের সভাপতি বেশো। তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ১৫ ডিসেম্বর নিরাপত্তা পরিষদে পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র ও ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রতিক্রিয়া নিয়ে বৈঠক হবে।
আর ১১ ডিসেম্বরের বার্ষিক সভায় থাকবে উত্তর কোরিয়ার উদ্বেগজনক মানবাধিকার পরিস্থিতি বিষয়ে পর্যালোচনা; গত তিন বছর ধরে পিয়ংইয়ংয়ের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার চীন যাতে বাধা দেওয়ার চেষ্টা করে আসছে।
চলতি বছর নিরাপত্তা পরিষদের ৯টি সদস্য দেশ উত্তর কোরিয়ার মানবাধিকার লঙ্ঘন নিয়ে আলোচনায় সমর্থন দিয়েছে বলে রয়টার্স জানিয়েছে। দেশগুলো হচ্ছে- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, জাপান, সেনেগাল, সুইডেন, ইউক্রেইন ও উরুগুয়ে।
পিয়ংইয়ং ধারাবাহিকভাবে দেশের ভেতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আসছে।
জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর দেওয়া নিষেধাজ্ঞার কারণেই উত্তর কোরিয়ায় অমানবিক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, দাবি তাদের।
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও পারমাণবিক কর্মসূচির জন্য ২০০৬ সাল থেকে দেশটি জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায়।
সাম্প্রতিক মাসগুলোতে তাদের একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক মহল। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের চাপে চীনসহ এশিয়ার বেশকটি দেশ উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্কও কমিয়ে এনেছে।
“যুক্তরাষ্ট্র এবং অন্যান্য প্রতিকূল শক্তির চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও আমাদের সরকার জনগণের জীবনমানের উন্নতি ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য চেষ্টা করে যাচ্ছে,” ১৪ নভেম্বর দেওয়া এক বিবৃতিতে জাতিসংঘে উত্তর কোরিয়ার স্থায়ী মিশন এমনটাই জানিয়েছে।
গত সপ্তাহে উত্তর কোরিয়া তাদের ‘সবচেয়ে দূরপাল্লার’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যেটি যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পর্যবেক্ষকরা বলছেন, নতুন এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা দেশটিতে নতুন করে আরও নিষেধাজ্ঞার পথ উন্মুক্ত করে দিল।
পিয়ংইয়ংয়ের ভাষ্য, যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের আগ্রাসন মোকাবেলায় ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করছে তারা। যুক্তরাষ্ট্র এ অভিযোগ অস্বীকার করে বলছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি পুরো বিশ্বের জন্যই হুমকি।
