ইরাক-সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় নিহত ৮শ’
ইরাক এবং সিরিয়ায় ২০১৪ সালে ইসলামিক স্টেট (আইএস) এর বিরুদ্ধে লড়াই শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশনের হামলায় অন্তত ৮শ’ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
বৃহস্পতিবার কোয়ালিশন বাহিনীর প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে।
মাসিক এ প্রতিবেদনের হিসাবে বলা হয়েছে, ২০১৪ সালের অগাস্ট থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত কোয়ালিশন বাহিনীর হামলায় অনাকাঙ্খিতভাবে অন্তত ৮০১ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণকারী গ্রুপগুলোর দেওয়া নিহতের সংখ্যার চেয়ে এ সংখ্যা অনেক কম।
পর্যবেক্ষণ গ্রুপ এয়ারওয়েজ বলেছে, কোয়ালিশন বাহিনীর বিমান হামলায় মোট হিসাবে অন্তত ৫ হাজার ৯৬১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
কোয়ালিশন বাহিনী তাদের প্রতিবেদনে বলেছে, “অনিচ্ছাকৃত এ প্রাণহানি বা বেসামরিক নাগরিক হতাহতের ঘটনার জন্য আমরা এখনও নিজেদেরকেই দায়ী বলে মানছি।”
এতে আরও বলা হয়, আইএস এর বিরুদ্ধে অভিযানের শুরু থেকে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী ২৮ হাজারেরও বেশি বিমান হামলা চালিয়েছে এবং এসব হামলায় বেসামরিক নাগরিক হতাহতের ১ হাজার ৭৯০ টি প্রতিবেদন পেয়েছে।
