২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে ট্রাক হামলা: নিজেকে নির্দোষ দাবি সাইফুল্লোর

নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে পথচারীদের ওপর ট্রাক তুলে দিয়ে আটজনকে হত্যা ও ১২ জনকে গুরুতর আহত করার দায়ে অভিযুক্ত সাইফুল্লো সাইপভ আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2017, 02:40 PM

Updated : 25 Jul 2022, 09:07 PM

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে তার আবেদন জমা পড়ে বলে বিবিসি জানিয়েছে।

২০১০ সালে উজবেকিস্তান থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়ে আসা সাইফুল্লোর বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাসবাদের ২২টি অভিযোগ এনেছেন তদন্ত কর্মকর্তারা। এসবের মধ্যে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) বিভিন্ন উপাদান ও সম্পদ দিয়ে সাহায্য করার অভিযোগও আছে।

৩১ অক্টোবর লোয়ার ম্যানহাটনে পথচারীদের ওপর ট্রাক তুলে দেওয়ার দিনই গুলিবিদ্ধ অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পর ৩১ অক্টোবরের সন্ত্রাসী হামলাটিই ছিল নিউ ইয়র্কে চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা। 

সাইফুল্লোর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর অভিযোগটিতে মৃত্যুদণ্ড দেওয়ার সুযোগ আছে। যদিও এই সুযোগ চাওয়া হবে কি না সেই বিষয়ে সিদ্ধান্ত হয় নি বলে কৌঁসুলিরা জানিয়েছেন।

হামলার পর থেকে সাইফুল্লোর মৃত্যুদণ্ড দাবি করে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

মঙ্গলবার গাঢ় নীল রঙের কারা ইউনিফর্ম পরা সাইফুল্লোকে আদালতে নিয়ে আসা হয় বলে বিবিসি জানিয়েছে, এসময় তার পায়ে শেকল পরানো ছিল।

আদালতের নিয়োগ দেওয়া এক আইনজীবী অভিযুক্তের হয়ে কথা বলেন। তিনিই সাইফুল্লোর আবেদন জমা দেন, যেখানে উজবেক অভিবাসী নিজেকে নির্দোষ দাবি করেছেন।  

হ্যালোউইন উৎসবের দিনে হামলার পর পুলিশের গুলিতে আহত সাইফুল্লোকে হাসপাতালেই প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

তদন্ত কর্মকর্তাদের প্রশ্নের জবাবে খোলামেলা উত্তর দেওয়া ২৯ বছর বয়সী সাইফুল্লো সেসময় জানিয়েছিলেন, আইএসের প্রোপাগাণ্ডমূলক ভিডিও দেখে এক বছর আগেই হামলার পরিকল্পনা করেন তিনি। 

তার ফোনে আইএসের  প্রোপাগান্ডামূলক ৯০টি গ্রাফিক ও ভিডিও কন্টেন্ট পাওয়া যায়। 

তদন্ত কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে সাইফুল্লো ‘যা করেছি তার জন্য ভালো অনুভূতি হচ্ছে’ বলেও মন্তব্য করেছিলেন। হাসপাতালের কক্ষে আইএসের পতাকা লাগাতেও অনুরোধ করেছিলেন এই উজবেক অভিবাসী।

আগামী বছরের ২৩ জানুয়ারি মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে।