উদার শরণার্থী নীতিপন্থি জার্মান মেয়র ছুরিকাহত
পশ্চিম জার্মানির একটি ছোট্ট শহরে উদার অভিবাসন নীতির জন্য সুপরিচিত এক মেয়র ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।
বিবিসি জানায়, সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্তোঁরায় আহেনা শহরের মেয়র আন্দ্রেয়াস হোলস্টাইনের গলায় ছুরিকাঘাত করে হামলাকারী। হাসপাতালে তার চিকিৎসা চলছে।
পুলিশ হামলাকারীকে আটক করেছে। ওই ব্যক্তি খুব সম্ভবত মদ্যপ ছিল বলে জার্মান টিভি কে জানিয়েছেন ঘটনার এক প্রত্যক্ষদর্শী।
নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার (এনআরডব্লিউ) ওই শহরটির বাসিন্দারা উষ্ণ হৃদয়ে শরণার্থীদের স্বাগত জানিয়ে আলোচিত হয়েছে।
এনআরডব্লিউ’র প্রধান আর্মেন ল্যাশেট বলেন, “রাজনৈতিক কারণে মেয়রের ওপর হামলা হয়েছে বলে ধারণা পুলিশের।”
হোলস্টাইন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের দল খ্রিস্টান ডেমোক্রাটিক ইউনিয়ন পার্টির সদস্য।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জার্মানির গণমাধ্যমগুলো জানায়, মেয়রের উপর ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ার সময় হামলাকারী চিৎকার করে তার শরণার্থী আশ্রয়দান নীতির সমালোচনা করছিল।
টুইটে এ হামলার নিন্দা জানিয়েছেন মেরকেল।
