২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে কারখানায় বিস্ফোরণ, নিহত ২

চীনের পূর্বাঞ্চলীয় শহর নিংবোর একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 01:52 PM

Updated : 11 Oct 2022, 02:46 PM

রোববার স্থানীয় সময় সকাল ৯টার দিকে ওই বিস্ফোরণে অন্তত ২ জন নিহত হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। আহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

বিস্ফোরণে বেশ কয়েকটি ভবনও ধ্বসে পড়েছে। কি কারণে এই বিস্ফোরণ তা জানা যায়নি। 

স্বয়ংক্রিয় গাড়ি নির্মাণ শিল্পের জন্য বিখ্যাত নিংবো শহরটি সাংহাংয়ের ১০০ কিলোমিটার দক্ষিণে। ঝেইজিয়াং প্রদেশের এ শহরের জিয়াংবেই এলাকাটি রোববার সকালের বিস্ফোরণে কেঁপে ওঠে বলে কর্তৃপক্ষ, প্রত্যক্ষদর্শী ও নিংবো শহরের দমকল বিভাগের বরাত দিয়ে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে।

অন্য এক প্রতিবেদনে চীনের সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) জানায়, বিস্ফোরণের পর আশপাশের এক কিলোমিটার এলাকার ভবনগুলোতে বড় বড় ফাটল দেখা যায়, অসংখ্য জানালার কাঁচ চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে।

সিসিটিভির প্রতিবেদনে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি গাড়ি এবং ধ্বসে পড়া একটি ভবনও দেখানো হয়।

রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, এটি গ্যাসজনিত বিস্ফোরণ নয়। ঘটনার পর উদ্ধার অন্তত ৩০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথাও জানিয়েছে তারা। 

বিস্ফোরণের পর কাছাকাছি একটি আবাসিক এলাকার বেশ কয়েকটি ভবন ধ্বসে পড়ার খবর দিয়েছে স্থানীয় ঝেইজিয়াং ডেইলি।  পুনঃনির্মাণ কাজের জন্য ভবনগুলোর বাসিন্দাদের আগেই সরিয়ে নেওয়া হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম উইবুতে চীন পুলিশের ভেরিফায়েড অ্যাকাউন্টে বলা হয়েছে। বিস্ফোরণের কারণ নিয়েও তদন্তের ঘোষণা দিয়েছে তারা।

আহতদের মধ্যে অন্তত ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

রয়টার্স বলছে, দুর্বল নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য চীনে প্রায়ই এ ধরণের দুর্ঘটনার খবর পাওয়া যায়। হতাহতের পরিমাণ কমিয়ে আনতে দেশটির সরকার এই বিষয়ে তদারকি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।