কম্বোডিয়ার প্রধান বিরোধীদলকে বিলুপ্ত ঘোষণা করল সুপ্রিম কোর্ট
কম্বোডিয়ার সুপ্রিম কোর্ট দেশটির প্রধান বিরোধী দল ন্যাশনাল রেসকিউ পার্টিকে (সিএনআরপি) বিলুপ্ত ঘোষণা করেছে।
সরকার উৎখাতের অভিযোগে করা এক পিটিশনের শুনানি শেষে বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ আদালত এ রায় দেয় বলে জানিয়েছে রয়টার্স।
দুই মাস আগে সিএনআরপির নেতা কেম সোখাকে গ্রেপ্তারের পর সরকারি কৌসুলিরা দলটির বিরুদ্ধে এই অভিযোগ আনেন।
সিএনআরপি শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। তারা একে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ অভিযোগ হিসেবেও অ্যাখ্যা দিয়েছে। রায়ের সময় আদালতে সিএনআরপির কোনো আইনজীবিও উপস্থিত ছিলেন না।
দেশটির প্রধান বিচারপতি দিথ মুন্টি ক্ষমতাসীন পিপলস পার্টির (সিপিপি) স্থায়ী কমিটির সদস্য। দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী হুন সেনের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মুন্টিই বৃহস্পতিবারের রায় ঘোষণা করেন।
এই রায় সিপিপি ও হুন সেনের ক্ষমতার পথ প্রশস্ত করলো বলে মন্তব্য করেছে রয়টার্স।
জুনে হওয়া স্থানীয় সরকার নির্বাচনে সিএনআরপি বেশ ভালো করেছিল। সুপ্রিম কোর্টের রায়ের ফলে সামনের বছরের সাধারণ নির্বাচনে তারা অংশ নিতে না পারায় সিপিপির ফের ক্ষমতায় যেতে সমস্যা হবে না বলে জানিয়েছেন নম পেনে থাকা এক কূটনীতিক।
১৯৯৩ সালে জাতিসংঘের অধীনে নির্বাচনের পর ‘কার্যকর বিরোধীদলবিহীন’ আগামী নির্বাচনই সবচেয়ে একতরফা হতে যাচ্ছে বলেও মনে করছেন তিনি।
বৃহস্পতিবারের রায়ে সুপ্রিম কোর্ট সিএনআরপির ১১৮জন সদস্যকে রাজনীতি থেকেও পাঁচ বছরের জন্য বহিষ্কার করেছে।
রায় উপলক্ষে এদিন প্রথম থেকেই আদালত ভবন ও এর আশপাশে কড়া পুলিশি উপস্থিতি লক্ষ্য করা গেছে। রায়ের পর দেশটির কোথাও বিক্ষোভের খবর পাওয়া যায় নি।
রয়টার্স বলছে, নির্বাচনের আগে বিরোধীদের ওপর সরকারি দলের দমন পীড়ন ও ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই সিএনআরপিকে বিলুপ্ত করার এ ঘোষণা এলো।
রায়ের আগেই আটকের ভয়ে প্রধান বিরোধীদলের অর্ধেকেরও বেশি সংসদ সদস্য দেশ ছেড়ে পালিয়েছেন।
তাদের শূণ্য হওয়া সংসদীয় আসনগুলো এখন সরকার সমর্থক দলগুলোর মধ্যে পুনর্বন্টন করা হবে বলে হুন সেন জানিয়েছেন।
জেনেভাভিত্তিক ইন্টারন্যাশনাল কমিশন অব জুরিস্ট কম্বোডিয়ায় সাধারণ নির্বাচনের আগে বিরোধী দলকে বিলুপ্ত ঘোষণার কড়া সমালোচনা করেছে। দেশটির মানবাধিকার ও গণতন্ত্রের জন্য এ ঘোষণা তীব্র হুমকি বলেও মন্তব্য করেছে তারা।
এক বিবৃতিতে তারা কম্বোডিয়ার সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক যে কোনো বিষয়ে আলোচনার আগে এই বিষয়টি মাথায় রাখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধও জানিয়েছে।
